বিচার বিভাগের সমালোচনায় সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বিচার বিভাগ সম্পর্কে বলেছেন, সঠিক সময়ে বিচার বিভাগ সংবিধানের পক্ষে অবস্থান নেয় না, শক্তির পক্ষে অবস্থান নেয়। বিএনপি আশ্বস্ত হতে পারে এই ভেবে যে ভবিষ্যতে শক্তি নিয়ে সরকারে এলে তারাও বিচার বিভাগের সহযোগিতা পাবে।গতকাল রোববার রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত অনুষ্ঠানে সাকা চৌধুরী এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে কৃষক দল এ সভার আয়োজন করে।সাকা চৌধুরী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচার বিভাগই শক্তিশালী সরকারকে সমর্থন দিয়েছিল। সামরিক শাসনব্যবস্থার প্রধান একজন বিচারপতি, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই। কিন্তু এখানে আছে। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করার সময় বিষয়টি কোথাও উল্লেখ করা হয়নি।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও কৃষক দলের সহসভাপতি এম এ তাহের বক্তব্য দেন।পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করা প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, এই সংশোধনী বাতিল করে কার্যত দ্বিতীয় ও তৃতীয় সংসদকে বাতিল করা হয়েছে। ওই সংসদে তো জনগণ ভোট দিয়েছে। এর মধ্য দিয়ে জনগণের অধিকার বাতিল করা হয়েছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উচিত জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, দেয়াল লিখন শুরু হয়েছে, তাতে জনগণের কষ্টের বহিঃপ্রকাশ ঘটছে।