বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কোনো আপস নয়

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কোনো আপস নয়, বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন নয়, বরং এর মর্যাদা বৃদ্ধি নিয়ে কাজ করছে সরকার। মন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বিচারকদের মর্যাদা, পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধির মধ্য দিয়েই দেশে আইনের শাসনের পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে।
মন্ত্রী আজ রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে জেলা বিচার বিভাগ আয়োজিত এক সুধী সমাবেশে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে দেশের সংবিধানে ইনডেমনিটি অধ্যাদেশের মতো কালো আইন ছিল, সে দেশে কি ২১ বছর আইনের শাসন ছিল? আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে কথা হলেও একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ এই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের কথা বলেননি। ১৯৯৬ সালে শেখ হাসিনা এই আইন বাতিল করেন। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন। তাঁর প্রচেষ্টার পথ ধরেই ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়।
আদালত ভবন উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে গণমাধ্যমকর্মীরা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানুষের বাক্স্বাধীনতা নিশ্চিত করতে শিগগিরই এ আইন বাতিল হবে। এ আইনে দায়ের করা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো ডিজিটাল আইনে সম্পৃক্ত করার বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। মন্ত্রী বলেন, নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয়, সে ব্যবস্থা ও সুরক্ষা রাখা হবে।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মো. মাহবুব আলী, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জেলা প্রশাসক সাবিনা আলম। বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আফিল উদ্দিন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া প্রমুখ।
পরে মন্ত্রী হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেন। সেখান মন্ত্রী বলেন, সারা দেশেই মামলার জট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিচারক ও জনবলেরও প্রকট সংকট আছে। এগুলো ক্রমান্বয়ে দূর করা হবে। তিনি বলেন, বিচারকেরা যাতে চাকরিতে ঢুকেই বিচার কার্যক্রম শুরু না করেন, সেদিক বিবেচনায় নিয়ে তাঁদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।