বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনা হলে বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন দেশের চার বিশিষ্ট আইনজীবী। তাঁরা হলেন: ড. কামাল হোসেন, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ।
গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে এই চার আইনজীবী বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক ভিত্তি। আমাদের সর্বোচ্চ আদালত অষ্টম সংশোধনী নিয়ে দেওয়া যুগান্তকারী রায়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বলে ঘোষণা দিয়েছেন। কোনো আলোচনা, বিতর্ক বা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের অভিজ্ঞতা মূল্যায়ন ছাড়াই হঠাৎ কেন সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জ্যেষ্ঠ চার আইনজীবী বিবৃতিতে বলেন, ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল এইচ এম সিরভাই অভিশংসনপ্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাঁর দ্য পজিশন অব দ্য জুডিশিয়ারি আন্ডার দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া বইয়ে লিখেছেন, একজন বিচারপতিকে অপসারণের ক্ষমতা আইনপ্রণেতাদের ওপর ন্যস্ত হলে রাজনৈতিক দল ও রাজ্যের বিষয়টি তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
এইচ এম সিরভাই তাঁর বইয়ে লিখেছেন, ইংল্যান্ডে ১৮৩০ সালের পর কোনো বিচারপতিকে অপসারণ করা হয়নি। দেশটিতে বিচারপতিদের অভিশংসনপ্রক্রিয়া নিয়ে কোনো সমস্যাও সৃষ্টি হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে একজন বিচারককে অভিশংসন করার অভিজ্ঞতা সুখকর নয়। একজন বিচারকের আচরণ নিয়ে বিস্তারিত তদন্ত করার পর্যাপ্ত সময় সিনেট পায় না। এ ধরনের তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক ও দলীয় বিবেচনা কাজ করে।
একজন বিচারপতিকে অভিশংসনের ক্ষেত্রে আইনপ্রণেতারা নিরপেক্ষ অবস্থানে থাকতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট এই চার আইনজীবী। তাঁরা বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য দলের নিয়ন্ত্রণাধীন। ফলে সংসদে বিচারপতিদের অভিশংসন করা হলে বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হবে।
এই চার আইনজীবী বিচারপতিদের অভিশংসনসংক্রান্ত সংবিধান সংশোধনের আগে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে বলেন, একমাত্র সঠিক আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।