বিচার বিভাগের স্বাধীনতায় সংসদ হস্তক্ষেপ করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজিউল্লাহ
অজিউল্লাহ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গত রোববার সংসদে প্রাণবন্ত আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হয়নি। সংসদ রায় প্রভাবিত করার চেষ্টাও করেনি। এই মামলা চলাকালেও সংসদে কোনো আলোচনা হয়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সরকারি দল সমর্থক আইনজীবীরা এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

গতকাল দুপুরে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচিত বিএনপিপন্থী আইনজীবী নেতারা সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত আওয়ামীপন্থী আইনজীবীরা একই জায়গায় পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে বলা হয়, বারের সভাপতি জয়নুল আবেদিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন বিএনপির প্রথম সারির নেতা। তাঁদের সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে বার কিংবা বিচার বিভাগের কোনো স্বার্থ রক্ষা হয়নি। সংসদের ভেতর আলোচিত কোনো বিষয় নিয়ে বারের ব্যানারে সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ছাড়া আর কিছু নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ সহসভাপতি মো. অজি উল্লাহ বলেন, আলোচনা করার জন্য সংসদের কার্যবিধিমালা আছে। সেই বিধি অনুযায়ী সংসদ চলে। ষোড়শ সংশোধনী নিয়ে আইন অনুযায়ী সংসদে আলোচনা হয়েছে। এটা সংসদের আলোচনার বিষয়বস্তু। এ নিয়ে বাইরে আলোচনা বা সমালোচনা করার কিছু নেই। প্রধান বিচারপতিকে নিয়ে সংসদে কোনো বক্তব্য হয়নি। ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে কোনো সংসদ কথা বলেনি।

লিখিত বক্তব্যে অজি উল্লাহ বলেন, বারের বিএনপিপন্থী নেতাদের সংবাদ সম্মেলনের বক্তব্য কোনোভাবেই সুপ্রিম কোর্ট বারের বক্তব্য নয়। এ জন্য কার্যনির্বাহী পরিষদের ছয়জন সদস্য সভাপতি ও সম্পাদকের সংবাদ সম্মেলনের বিষয়ে একমত হতে পারেনি। তাঁদের এই সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট বারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

সংবিধানের যেকোনো সংশোধনী বা এর কোনো বিধান বাতিল করে দেওয়া রায় গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করে অজি উল্লাহ বলেন, রায়ের পক্ষে বা বিপক্ষে আলোচনা হওয়া খুব স্বাভাবিক। রায় ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যমে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞরা রায়ের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন, যা তাঁদের বাক্‌স্বাধীনতার মধ্যে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহসম্পাদক শফিকুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, নুরে আলম প্রমুখ।