
সিলেটে চোর অপবাদে পিটিয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৪) হত্যার ঘটনায় করা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আদালতে। আর এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারকাজ শুরু হলো।
সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে গতকাল মঙ্গলবার এ অভিযোগ গঠন করা হয়। পরে টানা নয় দিন ধরে মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন বিচারক।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ১০ আসামির উপস্থিতিতে গতকাল অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নয় দিন সাক্ষ্য গ্রহণের তারিখও নির্ধারণ করা হয়েছে। এই কয়েক দিনে ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
সামিউল হত্যার এক মাস সাত দিন পর গত ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের নিকটবর্তী শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, মুহিত আলম, আলী হায়দার, শামীম আলম, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, আয়াজ আলী, রুহুল আমীন, দুলাল আহমদ, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, নির্যাতনের ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া, আজমত উল্লাহ, জাকির হোসেন ওরফে পাবেল ওরফে রাজু ও ভিডিও চিত্র ধারণকারী নুর আহমদ।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযোগপত্রে তিন আসামি কামরুল, শামীম ও রাজুকে পলাতক দেখানো হয়েছে। গত ১৭ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাঁদের মালামাল জব্দের নির্দেশ দেন। পরে জালালাবাদ থানা-পুলিশ ২৫ আগস্ট তাঁদের মালপত্র জব্দ করে।
৩১ আগস্ট আদালত আসামিদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মুখ্য হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়েছিল।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় অভিযোগ গঠনের শুনানি উপলক্ষে পলাতক তিনজন ছাড়া বাকি আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা মুহিত, আলী হায়দার, তাজউদ্দিন, রুহুল, আয়াজ ও দুলালকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে সবার বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে পিপি মফুর আলী, সামিউল রাজনের পরিবারের পক্ষে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও শওকত চৌধুরী এবং আসামিপক্ষে হাবিবুর রহমান ও শাহ আশরাফুল ইসলাম অংশ নেন।
আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘আলোচিত এ ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি ছিল। যদিও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়নি, তারপরও এই আদালত অত্যন্ত দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিয়েছেন। টানা নয় দিন সাক্ষ্যগ্রহণের তারিখ এ জন্যই নির্ধারণ করা হয়েছে। আমরা আশাবাদী, এ আদালতে মামলার বিচারকার্য দ্রুতই নিষ্পত্তি হবে।’
গত ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। পরে লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে নির্যাতনের দৃশ্য ছড়িয়ে দিতে ভিডিও চিত্রও ধারণ করেছিলেন নির্যাতনকারীরা।
ভিডিও চিত্রটির ভিত্তিতে গত ১২ জুলাই প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে সর্বত্র চাঞ্চল্য শুরু হয়। ভিডিও চিত্রটি তখন সামাজিক ওয়েবসাইটেও ছড়িয়ে পড়েছিল। একে একে জনতা ধরিয়ে দেয় হত্যা মামলার ১০ আসামিকে। আর সৌদি আরব পালিয়ে গিয়ে জনতার হাতে ধরা পড়েন মূল হোতা কামরুল।
আরও পড়ুন: