বিচার শুরু বিএনপির নেতাদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজার তাবেলা হত্যা মামলা
সিজার তাবেলা হত্যা মামলা

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ‘নব্য জেএমবি’ জড়িত বলে র‍্যাব দাবি করলেও পুলিশ আগের অবস্থানেই আছে। পুলিশের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
পুলিশের দেওয়া অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিকে নতুন করে জঙ্গি সংগঠনের নাম আসার বিষয়ে পুনরায় তদন্ত করতেও রাজি নয় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত নিয়ে র‍্যাব ও পুলিশের ভিন্নতর বক্তব্যের কারণে মামলাটি দুর্বল হয়ে পড়বে। অভিযুক্ত ব্যক্তিরা এর সুবিধা পাবে এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি বিদেশি এনজিওর কর্মকর্তা সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করে এ দেশে আলোচনায় আসে। এরপর থেকে চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানসহ সারা দেশে ২২টি জঙ্গি হামলা হয়েছে। এর মধ্যে মাদারীপুরে কলেজশিক্ষককে হত্যাচেষ্টা ছাড়া বাকি ২১টিতে ঘটনার পরপর দায় স্বীকার করেছিল আইএস।
২১ অক্টোবর র‍্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তাবেলা হত্যাসহ এই ২২ হামলার নেতৃত্ব দিয়েছেন নব্য জেএমবির প্রধান (আমির) সারোয়ার জাহান। তাঁর সাংগঠনিক নাম ‘শাইখ আবু ইব্রাহিম আল হানিফ’। এই জঙ্গিনেতা ৮ অক্টোবর আশুলিয়ায় র‍্যাবের অভিযান চলাকালে পাঁচতলা থেকে পড়ে মারা যান। কিন্তু এর প্রায় চার মাস আগেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাবেলা হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেয়। তাতে বিএনপির নেতা কাইয়ুম, তাঁর ভাই আবদুল মতিন, বাড্ডা এলাকার বিএনপির কর্মী তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন, শাখাওয়াত হোসেন ও মো. সোহেলকে আসামি করা হয়। এঁদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক আছেন। তবে সোহেলের পরিবারের অভিযোগ, গত বছরের ১৬ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কিছু লোক সোহেলকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত ইতিপূর্বে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাবেলা হত্যার দায় স্বীকার করে আইএস এ দেশে আলোচনায় আসে। এরপর আইএসের সাময়িকী দাবিক-এর গত এপ্রিল সংখ্যায় বলা হয়, সংগঠনটির বাংলাদেশের প্রধান শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। তারপর থেকেই এই কথিত আবু ইব্রাহিম কে, তা নিয়ে আলোচনা শুরু হয়।

ঘটনার ১৩ মাস পর র‍্যাব জানাল যে তাবেলা হত্যায়ও নব্য জেএমবি জড়িত। এর পরিচালনায় ছিলেন সারোয়ার জাহান। এই সারোয়ারই হলেন কথিত শায়খ আবু ইব্রাহিম আল হানিফ।

এ অবস্থায় সিজার তাবেলা হত্যা মামলার তদন্ত প্রশ্নের মুখে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, র‍্যাব বা পুলিশ চাইলে এই মামলার পুনঃ তদন্ত করতে পারবে। সে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে আদালতে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে তদন্তে আসা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া যাবে।

এ পর্যায়ে আদালতে পুনঃ তদন্তের আবেদন করা হবে কি না, জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাই এই মামলা পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন করা হবে না।

র‍্যাব পুনঃ তদন্ত করতে চাইলে তদন্ত কর্মকর্তা আবেদন করবেন কি না—এ প্রশ্নের জবাবে শেখ নাজমুল আলম বলেন, ‘এ নিয়ে কোনো মন্তব্য করব না।’

এদিকে মামলার আসামিদের পরিবারগুলো মামলাটি পুনঃ তদন্তের দাবি জানিয়েছে। এঁদের মধ্যে বিএনপির নেতা কাইয়ুমের ভাই আবদুল মতিনের স্ত্রী মুসাররাত জাহান প্রথম আলোকে বলেন, র‍্যাবের বক্তব্যে সত্য প্রকাশ পেয়েছে। পুনরায় সুষ্ঠু তদন্ত হলে তাঁর স্বামী নির্দোষ প্রমাণিত হবেন।

কারাগারে থাকা রাসেল চৌধুরীর বাবা শাহজাহান চৌধুরী বলেন, সিজার তাবেলা হত্যার পর শুরুতেই সরকারের পক্ষ থেকে বিএনপি জড়িত বলে বক্তব্য দেওয়া হয়। পরে তদন্ত সেই পথেই এগিয়েছে। তাঁর দাবি, ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে তাঁর ছেলেসহ অন্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, এ ধরনের ঘটনায় রাজনৈতিক মহল থেকে বিভিন্ন সময়ে ধারণাপ্রসূত বক্তব্য আসে। এতে মামলার তথ্যপ্রাপ্তি ও প্রমাণাদি সংগ্রহে ক্ষেত্রবিশেষে বাধাগ্রস্ত হতে হয়। তিনি বলেন, তাবেলা হত্যায় পুলিশ ও র‍্যাবের দুই ধরনের বক্তব্য আসায় মামলাটির দুর্বলতা চিহ্নিত হয়েছে। এর আগে মামলায় যে একটি পিস্তল উদ্ধার দেখানো হয়েছিল, ব্যালাস্টিক পরীক্ষায় এসেছে যে সেটি দিয়ে গুলি বের হয়নি। তাই বিভ্রান্তি কাটাতে এবং ন্যায়বিচারের স্বার্থে মামলাটি পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন করা উচিত।