বিচার শুরু হয়নি ১৬৮ মামলার, তদন্তেই আটকে ৪২টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ব্যাপক তাণ্ডব চালানোসহ নাশকতার ২৪৬ মামলার মধ্যে এখনো ১৬৮ মামলার বিচার শুরু হয়নি। তিন বছরে আদালতে অভিযোগ গঠন হয়েছে মাত্র ৩১টি মামলার। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পাঁচটির। অবশিষ্ট ৪২ মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিশ।
বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে চাঁদে সাঈদীকে দেখার গুজব ছড়িয়ে জেলাজুড়ে তাণ্ডবসহ নাশকতার ১০৪টি মামলা হয়। এ ছাড়া ২০১৪ ও ২০১৫ সালে যানবাহনে পেট্রলবোমা হামলা, গাড়ি পোড়ানো ও নাশকতার ১৪২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত আদালতে মাত্র ৩১টির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এখনো ৪২টির তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।
আবদুল মতিন বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করেন। কিন্তু নাশকতার এসব মামলার বেশির ভাগ আসামিই পলাতক। ফলে বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। কিছু আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন, কিছু আসামি জামিন নিয়েছেন। আদালতে হাজির হচ্ছেন না। এসব আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে আদালতের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, বেশির ভাগ মামলায় পুলিশের দায়ের করা এজাহার ও অভিযোগপত্র দুটিই খুব দুর্বল। সুনির্দিষ্ট করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। আসামিদের জিজ্ঞাসাবাদ বা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিও নেওয়া হয়নি। নন্দিগ্রাম থানার একটি মামলায় একজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও চতুরতার আশ্রয় নিয়েছেন। তিনি নিজেকে ওই ঘটনায় জড়াননি। অন্য আসামিরা হামলায় জড়িত বলে জানিয়েছেন। ফলে মামলার ভবিষ্যৎ এবং বিচার ও আসামিদের শাস্তি নির্ভর করছে সাক্ষ্য-প্রমাণের ওপর। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, রাজনৈতিক মামলায় কেউ সাক্ষ্য-প্রমাণ দিতে আদালত পর্যন্ত আসতে চান না। এখন এটা নির্ভর করছে মামলার সাক্ষীদের ওপর। সাক্ষ্য দুর্বল হলে কিংবা সাক্ষী হাজির করা না গেলে এসব মামলার বিচারিক কার্যক্রম ঝুলে যাবে।
মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ৩ মার্চ রাতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে জেলাজুড়ে একযোগে ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা হয় বিভিন্ন থানা-ফাঁড়ি, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, সরকারি দলের নেতাদের বাসভবন, সরকারি দপ্তর ও রেলস্টেশনে। গানপাউডার ঢেলে পুড়িয়ে দেওয়া হয় নন্দীগ্রাম উপজেলা পরিষদের ১৬টি সরকারি দপ্তর এবং উপজেলা চেয়ারম্যান, ইউএনওর বাসভবন ও সরকারি গাড়ি। ১৪৪ ধারা ভেঙে এসব হামলা ও নাশকতা চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সহিংসতায় প্রাণহানি ঘটে ১৮ জনের। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৩৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করে। অজ্ঞাতনামা আসামি করা হয় লক্ষাধিক ব্যক্তিকে। ৩ মার্চের আগে ও পরে জেলায় নাশকতার আরও ৪৭টি মামলা দায়ের হয়। এসব মামলার তদন্ত শেষ করতে দীর্ঘ দুই বছর সময় লাগে পুলিশের। পুলিশ ইতিমধ্যে পাঁচটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অবশিষ্ট ৯৯টির আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এর মধ্যে শুধু সাঈদীকে চাঁদে দেখার ঘটনায় ৩ হাজার ১৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা পরিষদ পোড়ানোসহ চার মামলায় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলসহ ৬৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া নাশকতার মামলায় দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে।
বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শাজাহান আলী প্রথম আলোকে বলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়ের হওয়া নাশকতার ২৪৬টি মামলার মধ্যে এখন পর্যন্ত ৪২টি বাদে সবগুলো মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে। অভিযুক্ত আসামির সংখ্যা প্রায় ১০ হাজার। ২০১৩ সালের ১০৪টি মামলার মধ্যে পাঁচটির চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ৯৯টির আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। ২০১৪ সালের ৭ এবং ২০১৫ সালের ৩৭টি মামলার এখনো অভিযোগপত্র দাখিল হয়নি। বিস্ফোরক আইনে দায়ের হওয়া নাশকতার ৯০টি মামলা জেলা জজ আদালতে এবং অবশিষ্ট মামলা বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ সুপারের দায়িত্বে থাকা বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তিন বছরে নাশকতা মামলার ৭৫ শতাংশই তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অবশিষ্ট ২৫ শতাংশ মামলার তদন্ত খুব দ্রুত শেষ করা হবে।’ তিনি বলেন, অভিযোগপত্র দাখিলের পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি না করা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তারের এখতিয়ার নেই পুলিশের। আসামি হাজির না হলে সাধারণত পুলিশের কাছে নো অ্যাকজিকিউশন রিপোর্ট (এনএআর) চেয়ে পাঠান আদালত। এরপর আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখন পর্যন্ত কয়েকটি নাশকতা মামলার এনএআর প্রতিবেদন পাঠানো হয়েছে।