গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বিচার শুরুর জন্য বদলি হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বদলি করেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে আসামির উপস্থিতির পর অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হবে। মামলায় মন্ত্রী মোশাররফ ছাড়াও প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ার ও তাঁর ভাই ফখরুল আনোয়ারের অভিযোগপত্র দিয়েছে দুদক। এর মধ্যে রফিকুল আনোয়ার মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
দুদকের আইনজীবী বলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ফটিকছড়ি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও তাঁর ভাই হোটেল গোল্ডেন ইন লিমিটেডের পরিচালক ফখরুল আনোয়ারকে আসামি করে ২০০৭ সালের ২২ নভেম্বর ডবলমুরিং থানায় মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬-২০০১ মেয়াদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকার সময় মোশাররফ হোসেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কার পার্কিংয়ের জন্য বরাদ্দ করা জায়গা তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করেন। ১ দশমিক ৪৪ বিঘা আয়তনের ওই জমির দাম ধরা হয় ১ কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। পরে লিজের শর্ত ভেঙে মেসার্স সানমার হোটেল লিমিটেডের নামে ওই জমির ইজারা নিবন্ধন করা হয়। এ ক্ষেত্রে দলিলে উল্লেখ করা দরের চেয়ে সানমার হোটেলের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা বেশি আদায় করা হয়। সরকারি জমি লিজ পাওয়ার অনুমোদন দিয়ে তিনি আর্থিকভাবে লাভবান হন।
দুদক সূত্র জানায়, ২০০৮ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আসামিরা তখন মামলাটি বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। ২০১২ সালের ২০ নভেম্বর উচ্চ আদালত মামলাটি বাতিলের আদেশ দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ গত বছরের ৮ মে হাইকোর্টের আদেশ বাতিল করে দেন। চলতি বছরের ৭ এপ্রিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত দুদকের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেন।