বিচার শেষ করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করা এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে লালদীঘি মাঠ পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আজ রোববার বিকেল চারটায় ১৪ দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। এতে ১৪ দল ছাড়াও অঙ্গসংগঠন এবং ৭০টি সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন। কর্মসূচি সফল করতে গতকাল শনিবার সন্ধ্যায় নগরের মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে সমন্বয় বৈঠক হয়। এতে মহিউদ্দিন চৌধুরীসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার এখনো হয়নি। আমরা এই বিচার দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি। এ কারণে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছি। আমরা কয়েক লাখ লোকের স্বাক্ষর নিয়ে ঈদের পর ঢাকা অভিমুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দেব।’