বিচার শেষ হতে আরও দেড় মাস লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যা মামলা
পিলখানা হত্যা মামলা

পিলখানা হত্যা মামলার বিচার শেষ হতে আরও দেড় মাস লাগবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গতকাল সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।এ মামলার আসামি বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর আইনজীবীরা তাঁকে জেরা করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার মাধ্যমে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হলো। তদন্তকারী একাই চার মাস ধরে সাক্ষ্য দিয়েছেন। ৪৭তম কার্যদিবসে তাঁর জেরা শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, এক থেকে দেড় মাসের মধ্যে এ মামলার বিচার শেষ করা সম্ভব হবে।রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক জহুরুল হক এজলাসে বসার পরপরই তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন নাসির উদ্দীন আহম্মেদের আইনজীবীরা। প্রথমে খন্দকার মাহবুব হোসেন তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন। পরে তাঁকে জেরা করেন অপর দুই আইনজীবী মো. শাজাহান ও আমিনুল ইসলাম। বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া ও মওদুদ আহমদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।অভিযোগ গঠনের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক বলেছিলেন, নাসির উদ্দীন বিদ্রোহের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। গতকাল তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। তদন্তকারীকে জেরার সময় আসামির আইনজীবী আমিনুল ইসলাম প্রশ্ন করেন, এ মামলার সরকারপক্ষের দুই সাক্ষী ফয়সল ও ইসরাফিলের বাসার যে ঠিকানা দেওয়া হয়েছে, তা আওয়ামী লীগের নেতা হাজি সেলিমের বাড়ি। এটা ঠিক কি না? জবাবে কাহার আকন্দ বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আইনজীবী বলেন, ফয়সলের বিরুদ্ধে মোট ১৩টি ফৌজদারি অপরাধে মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটির আসামি হাজি সেলিমও। কাহার আকন্দ জানান, ফয়সলের বিরুদ্ধে মামলা আছে কি না, সে ব্যাপারে তিনি তদন্ত করেননি।

বিরতির পর কার্যক্রম শুরু হলে বিচারক বলেন, নিয়ম অনুযায়ী এখন আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করা হবে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শুনিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা দোষী, না নির্দোষ। কেউ কোনো সাফাই সাক্ষীর কথা বললে আদালত তাঁর বক্তব্য শুনবে এবং রাষ্ট্রপক্ষ সেই সাক্ষীকে জেরা করার সুযোগ পাবে। তিনি বলেন, দুই বছরের বেশি সময় ধরে এ মামলার বিচার চলছে। এ রকম খুনের মামলা আর এত বেশি আসামি বিচারের ঘটনা বিরল। ৯ সেপ্টেম্বর পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।

 ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ৮৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি। রাষ্ট্রপক্ষে এক হাজার ৩৩৩ জনকে সাক্ষী করা হলেও তদন্ত কর্মকর্তাসহ ৬৫৪ জনের সাক্ষ্য ও জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গতকাল পর্যন্ত আলোচিত এ মামলা ২১৫ কার্যদিবস অতিক্রম করেছে।