বিচার হলে প্রধানমন্ত্রীর ১০৮ বছরের সাজা হতো: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁকে দুর্নীতিবাজ বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে মানায় না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি ১১ মাস জেলে ছিলেন, তখন আপনার বিরুদ্ধেও ১৪টি দুর্নীতির মামলা হয়। ক্ষমতায় এসে নিজের মামলা নিজে তুলে নিয়েছেন। এসব মামলার বিচার হলে আপনার ১০৮ বছরের সাজা হতো।’গতকাল শনিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আতাউস সামাদ ও বিএনপির নেতা সাইদ এস্কান্দারের স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোকসভায় মওদুদ এসব কথা বলেন।আগের দিন গত শুক্রবার গণভবনে এক অনুষ্ঠানে কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকাশ করা বিএনপির তদন্ত প্রতিবেদনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির তদন্ত দলের প্রধান মওদুদের নাম মুখে না নিয়ে তাঁকে ‘লোভী’, ‘প্রতারক’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে নানা তীর্যক মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এর জবাবে মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে মনে হয়, আমরা সত্য কথাই বলেছি। এর জন্য আমাদের তদন্ত প্রতিবেদনের কোনো উত্তর প্রধানমন্ত্রী দেননি, দিতে পারবেনও না। কারণ, আমরা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে প্রমাণ করেছি; এই ধ্বংসযজ্ঞ সরকারের মদদেই হয়েছে।...এর জবাব যুক্তি দিয়ে দিতে না পেরে তিনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন।’মওদুদ তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আনা দুর্নীতি, লোভ, প্রতারণা ও ক্ষমা প্রার্থনার অভিযোগ খণ্ডন করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূস, সাংবাদিক এবিএম মূসা, আইনজীবী রফিক-উল হক—এমন কোনো ব্যক্তি নেই, যাঁকে আপনি অসম্মান করেননি। এসব কুরুচিপূর্ণ বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মানুষ আশা করে না।’সভায় প্রায় সব আলোচক প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করলেও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের বক্তব্যই আশা করি।...সম্মানিত মানুষদের অপমান-অবজ্ঞা করাই তো তাঁর কাজ।’এদিকে মওদুদ সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তৃতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এ প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।