বিচার হয় না বলেই সংখ্যালঘুর ওপর হামলা বন্ধ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়। বিশেষ করে, নির্বাচনের পর এটি বেশি ঘটে। কিন্তু কোনো বিচার হয় না। বিচারহীনতার এই প্রবণতার কারণেই হামলা থামে না।
এটি ছিল গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র বিষয়ে এক সংলাপের বক্তাদের পর্যবেক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের উদ্যোগে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।
সভায় ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুরা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, বর্তমানে সাম্প্রদায়িক হামলা মূলত বড় ব্যবসায়ে পরিণত হয়েছে। রাষ্ট্রের যেকোনো সমস্যায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালানো হয়। আর রাজনীতিবিদেরা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু তারা তাদের বীজ জামায়াতে ইসলামীকে এ দেশের মাটিতে রেখে গেছে। তারা এখন দেশকে আবার অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নানা পাঁয়তারা করছে। এর জন্য অন্যতম হাতিয়ার হিসেবে সংখ্যালঘুদের ওপর আক্রমণকে বেছে নিয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আশঙ্কার বিষয় হলো, প্রতিটি সাম্প্রদায়িক হামলা নিয়ে রাজনীতি হচ্ছে। সবাই এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সাম্প্রদায়িকতা বিস্তারে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে মুনতাসীর মামুন বলেন, এ জাতীয় কিছু ঘটলে এটিকে আরও রসকষ দিয়ে উপস্থাপন করা হয়। এতে সহিংসতার মাত্রা বাড়ে। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাম্প্রদায়িক সহিংসতা রোধ করতে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এখন পর্যন্ত যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন তারা কেউই নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণ করতে পারেননি বলে মন্তব্য করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনো সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। ২০১৪-তে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও একই ঘটনা ঘটল। মূল কারণ হলো ভোট ও জমি। এ ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ, সাম্প্রদায়িক সম্প্রীতি মঞ্চের সভাপতি অজয় রায়, দৈনিক সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, তানিয়া আমীর প্রমুখ বক্তব্য দেন।