১৩ বছর হলেও পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা ঘটনার বিচার হয়নি। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় নিহত হন পাঁচজন, আহত হয়েছিলেন অন্তত ২০ জন। ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। দিনটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে সিপিবি। গতকাল এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় ফেলে দেওয়া হয়েছে। দায়সারাভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁরা হত্যাকাণ্ডের সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে থাকা হোতাদেরও বিচার দাবি করেন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৭ নভেম্বরে ১৩ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রের ১৩ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁরা হলেন মুফতি আবদুল হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির, শওকত ওসমান ও মসিউর রহমান। আর পলাতক হিসেবে দেখানো সাতজন হলেন আবদুল হাই, শফিকুর রহমান, নূর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকীন, আনিসুর ইসলাম মোরসালিন ও রফিকুল ইসলাম মিরাজ।