সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকছে না। এই ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

ঘোষিত রায়ে বিচারকদের অপসারণ সংক্রান্ত আগের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার বিষয়ে কিছু বলা না হলেও এখন তা সামনে চলে এসেছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা বলবৎ হওয়ার প্রশ্নে আইনজীবীরা দুই ধরনের মত দিয়েছেন। একাধিক আইনজীবী বলেছেন, এই রায়ের পর বিচারপতিদের অপসারণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল হবে।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা এখন পুনর্বহাল হবে না। সংবিধানের যে অনুচ্ছেদ সংসদ বাতিল করেছে, সেটি আপনা-আপনি পুনঃস্থাপন হওয়ার সুযোগ নেই। এটি করতে হলে সংসদকেই করতে হবে। এ অবস্থায় শূন্যতা বিরাজ করছে বলে মনে করেন তিনি।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা ওই আপিলের ওপর গত ১ জুন শুনানি শেষে সর্বোচ্চ আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গতকাল সকাল ১০টা ২৬ মিনিটের দিকে এজলাসে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বেঞ্চের অন্য বিচারপতিরা। আসন গ্রহণের পর সাড়ে ১০টার দিকে কয়েকটি শব্দে রায়ের সংক্ষিপ্তসার ঘোষণা করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে ওই রায় দেন। অপর ছয় সদস্য হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
ঘোষিত রায়ে বলা হয়, সর্বসম্মত সিদ্ধান্তে আপিল খারিজ করা হলো। হাইকোর্টের দেওয়া রায়ের কিছু পর্যবেক্ষণ প্রত্যাহারের কথাও বলা হয়, যা পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জানা যাবে।
সাংবিধানিক এই মামলার রায় শোনার জন্য গতকাল সকাল থেকেই আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা আদালতকক্ষে আসতে শুরু করেন। এজলাসকক্ষে রাখা আসনগুলো পূর্ণ হয়ে যায়। এ ছাড়া আসনের দুই পাশে আইনজীবীসহ আগতদের দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। দুই পক্ষের আইনজীবী ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অ্যামিকাস কিউরি।
গত ৭ মার্চ আপিল বিভাগ শুনানিতে জ্যেষ্ঠ ১২ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেন, যাঁদের মধ্যে ১০ জন আদালতে মতামত উপস্থাপন করেন। এর মধ্যে ৯ জন সংশোধনীর বিপক্ষে এবং একজন ষোড়শ সংশোধনীর পক্ষে মত দেন। অন্য দুজন মত উপস্থাপন করেননি।
১০ অ্যামিকাস কিউরি হলেন টি এইচ খান, ড. কামাল হোসেন, আইনজীবী এম আমীর-উল ইসলাম, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ফিদা এম কামাল, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, আজমালুল হোসেন কিউসি এবং এম আই ফারুকী। তাঁদের মধ্যে শুধু আজমালুল হোসেন কিউসি ষোড়শ সংশোধনীর পক্ষে মত দেন।
অ্যামিকাস কিউরি হিসেবে এই মামলার শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় আগের অবস্থা, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল ব্যবস্থা বলবৎ আছে বলেই এখন ধরে নিতে হবে। কেননা, প্রথা হলো, কোনো আইন বাতিল করে নতুনভাবে আইন করা হলে নতুন আইন যদি আদালতে চ্যালেঞ্জ হয় এবং আদালত কর্তৃক যদি ওই আইন অবৈধ ও বাতিল ঘোষিত হয়, তবে আগের আইনই বলবৎ হবে।
অন্য অ্যামিকাস কিউরি জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ প্রথম আলোকে বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় এখন জুডিশিয়াল কাউন্সিল আপনা-আপনি পুনর্বহাল হবে, নাকি এটি সংসদে নতুন সংশোধনীর মাধ্যমে পুনর্বহাল করতে হবে—এটা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের দেশে যে প্রথা চালু আছে সেটি হলো, অষ্টম সংশোধনীতে ১০০ অনুচ্ছেদে সংশোধনী আনা হয়েছিল। পরবর্তীকালে সংশোধনীর বদলে রায়ের পরিপ্রেক্ষিতে সেটি বহাল করা হয়।’ তাঁর মতে, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল হবে।
প্রতিক্রিয়া
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি অত্যন্ত হতাশ। প্রত্যাশা ছিল বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যাবে, যে সংবিধান আমরা রক্তের বিনিময়ে পেয়েছিলাম। এটি হলো না।’ রিভিউ করা হবে কি না, এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, এখন মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছিল। আপিল বিভাগের রায়ের ফলে এখন তা অকার্যকর ও বাতিল হয়ে গেল। এখন বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না। আশা করছি, পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে ব্যাখ্যা থাকতে পারে।’
ষোড়শ সংশোধনী, রিট ও রায়
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। ‘বিচারকদের পদের মেয়াদ’সংক্রান্ত ষোড়শ সংশোধনী বিল অনুসারে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২ দফায় বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত বিধান রাখা হয়েছে। এতে বলা হয়, ‘প্রমাণিত ও অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্যসংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না।’ ৩ দফায় বলা হয়েছে, এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব-সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবে। একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।
ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। আপিলের ওপর গত ৮ মে শুনানি শুরু হয়, যা ১১তম দিনে ১ জুন শেষ হয়।
সংশোধনের পূর্বাপর
বাহাত্তরের সংবিধানে বিচারকদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। ষোড়শ সংশোধনীর পর বাহাত্তরের সংবিধানের আলোকে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আইনের একটি খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। যদিও ওই খসড়া তৈরির প্রক্রিয়ায় অংশ নেননি সুপ্রিম কোর্ট।
এর আগে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীতে ৯৬ (২) অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। আর ৯৬ (৩) অনুচ্ছেদটি বিলুপ্ত করা হয়। পরে ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়। এরপর তাঁর সময়েই পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান সংবিধানে স্থান পায়। ২০১০ সালে আপিল বিভাগ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অনুমোদন করেন। এরপর ২০১১ সালে জাতীয় সংসদে গৃহীত পঞ্চদশ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে দেওয়া হয়। তবে সংসদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা দিয়ে ২০১৪ সালে ষোড়শ সংশোধনী আনা হলে তাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ দেওয়া হয়। উল্লেখ্য, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে।
এদিকে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ও সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু। এই মামলায় আপিল বিভাগে ইন্টারভেনার হিসেবে শুনানিতে অংশ নেওয়া এই আইনজীবী রায়ের পর প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় সবাই মানতে বাধ্য। বিচারক অপসারণের ক্ষমতাসংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ মূল সংবিধানেও ছিল, এটি প্রতিস্থাপন করা হয়েছে মাত্র। সরকারপক্ষ আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবে। ভারতসহ পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে রয়েছে।’