বিচারক অপসারণের দাবি আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহফুজার রহমানের অনিয়ম-দুর্নীতি এবং ফৌজদারি কার্যবিধি বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করে ১৫ দিন আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে ১৫ দিনের মধ্যে বিতর্কিত বিচারককে অপসারণ করা না হলে অনির্দিষ্টকাল আদালত বর্জনের আলটিমেটাম দেন সমিতির নেতারা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি আইনজীবী এস এম আব্রাহম লিংকন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক রেজাউল কবির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনের আগে সমিতির সাধারণ পরিষদের এক জরুরি সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহফুজার রহমানের অপসারণ দাবির সিদ্ধান্ত গৃহীত হয়।
লিখিত অভিযোগে বলা হয়, জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহফুজার রহমান প্রচলিত আইনের কোনো তোয়াক্কা করেন না। তিনি বিদ্যমান নারী ও শিশু আইনের বিধান এবং ফৌজদারি কার্যবিধি অনুসরণ না করে ব্যক্তিগত ইচ্ছা ও খামখেয়ালি মতো মামলার সিদ্ধান্ত নেন। তিনি নারী আইনজীবীদের বক্তব্য না শুনে তাঁদের বসিয়ে দেন। প্রায়ই আসামিকে সাক্ষীর কাঠগড়ায় ডেকে কোরআন, হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে মামলার সিদ্ধান্ত নেন। শুধু তা-ই নয়, এ বিচারকের মদদে পেশকার আবুল হাসেম ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এই পেশকারের পরামর্শ ছাড়া তিনি কোনো রায় দেন না।
সমিতির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, গতকাল বুধবার থেকে অভিযুক্ত বিচারকের অপসারণ দাবিতে আদালত বর্জন শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিচারককে প্রত্যাহার করে নিতে মাননীয় প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতিবাজ পেশকার আবুল হাসেমকে অন্যত্র বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান আইনজীবীরা।