বিচারক অভিশংসন তদন্তের আইন নিয়ে বিভক্ত আইনজীবী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিশংসনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে ওঠা অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ তদন্ত করতে যে আইনের খসড়া চূড়ান্ত করা হয়ছে, সেটি নিয়ে আইনজীবী নেতাদের দুটি অংশের দুই রকম অবস্থান। সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন এই খসড়া আইনকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন। আর সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, সম্পাদকের এই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন পাস হলে তা স্বাধীন বিচারকাজ পরিচালনায় বাধা সৃষ্টি করবে। এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে আইনটি অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতিসহ আওয়ামীপন্থী কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তারপরও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আইনটি পাস করে সরকার সর্বোচ্চ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাখতে চায়। বিচারপতিদের ওপর চাপ সৃষ্টি করতে, তাঁরা যেন সরকারের বিপক্ষে রায় না দিতে পারেন—এ জন্য আইনটি পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই আইন পাস করার আগে জনমত যাচাই করা উচিত। এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সমিতির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন সাংবাদিকদের বলেন, ‘এই আইন বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করবে বলে মনে করি না। এ ছাড়া আইনটি মাত্র মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন হয়েছে। এখনো অনেক প্রক্রিয়া বাকি। এরপর হয়তো সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে, সেখানে আলোচনার পর বিল আকারে সংসদে উঠবে, সেখানেও আলোচনা হবে। আর সংসদে পাস হওয়ার পরও এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটা চূড়ান্ত করতে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যাবে।’
মাহবুব উদ্দিন খোকনের সংবাদ সম্মেলন প্রসঙ্গে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘উনি ওনার ব্যক্তিগত মতামত দিতেই পারেন। তবে সমিতির পক্ষে বক্তব্য দিতে হলে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে হবে। সভাপতি হিসেবে আমি এ ধরনের কোনো সংবাদ সম্মেলনের কথা জানি না। আগে বিষয়টি দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
২৫ এপ্রিল সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬-এর খসড়া নীতিগতভাবে মন্ত্রিসভায় অনুমোদিত হয়।