বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, মামলা দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনজীবী ও বিচারকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। তিনি বলেন, অনেক সময় পুলিশের তদন্তের ত্রুটির কারণে অপরাধীরা জামিন পেয়ে থাকে। আসামিকে জামিন দিলেই বিচারককে দোষারোপ করা ঠিক নয়। গতকাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সার্কিট হাউস মিলনায়তনে ত্রৈমাসিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে আদালত বর্জন কর্মসূচি গ্রহণযোগ্য নয় বলে সভায় মন্তব্য করেন প্রধান বিচারপতি। আদালত এলাকার সৌন্দর্য রক্ষায় নির্মাণাধীন ভবনটি সরিয়ে নেওয়া এবং আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি। আইনজীবীদের বসার ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে গতকাল দুপুরে প্রধান বিচারপতি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেন।
নয় দিন ধরে আইনজীবীরা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন করে আসছেন।