বিচারক, কর্মকর্তা ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবনে বিচারক, সরকারি ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ইফতারের টেবিলে টেবিলে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর ছেলে কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় তাঁর সঙ্গে ছিলেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
ইফতারে প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা প্রমুখ যোগ দেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স, মিশনপ্রধান ও সংশ্লিষ্ট সচিবেরা ইফতারে শরিক হন।