চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী বিমল শীলের জেরা গতকাল বুধবার হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় আজ (বুধবার) শুনানি হয়নি।’ তিনি বলেন, চট্টগ্রামের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের অনুপস্থিতিতে পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আগামী ২৯ আগস্ট এ মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। এর আগে গত ২ আগস্ট এ মামলার বাদী বিমল শীলকে তৃতীয় দিনের মতো জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবীরা।প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলার বাদী বিমল শীল নিহত তেজেন্দ্র লাল শীলের ছেলে।সূত্র জানায়, ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আদালত এ মামলায় ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আগের ধারা বাদ দিয়ে নতুন ধারায় অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন করেন। এরপর গত ১৯ এপ্রিল ৩৭ আসামির বিরুদ্ধে আগের ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’-এর পরিবর্তে ‘সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুন’-এর অভিযোগ আনা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় মামলার অন্যতম আসামি বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।