বিচারক জাবেদ ইমামের ৪ বছরকারাদণ্ড
ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে আরও ১০ হাজার টাকা জারিমানা করেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস কারাভোগ করতে হবে।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জাবেদ ইমাম। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাবেদ ইমামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়েছে, যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন জাভেদ ইমাম। ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ।
রায়ে বলা হয়, মামলাটি যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে।
সূত্র জানায়, ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিচারককে সাময়িক বরখাস্ত করে।
ওই সময় ফেনসিডিলসহ বিচারককে আটকের পর নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে ফেনসিডিল বহনের কথা স্বীকার করেন জাবেদ ইমাম। ২ ডিসেম্বর জাভেদকে গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। ৬ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ (রমনা) নিউমার্কেট থানার চার পুলিশ কর্মকর্তাকে সাত দিনের মধ্যে কর্মস্থলে বদলি ও ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও নির্দেশ দেন আদালত। তবে নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করে দেন হাইকোর্ট।
জাবেদ ইমাম ২০০৮ সালে সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। গত বছরের নভেম্বর মাসে তাঁকে যশোর থেকে ভোলায় বদলি করা হয়েছিল। ৮ নভেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছিলেন।