বিচারক জাবেদকে আত্মসমর্পণের নির্দেশ

মাদক মামলায় বিচারিক আদালতে দণ্ডিত জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাবেদকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের জন্য অনুমতির (লিভ টু আপিল) আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আসামি জাবেদ ইমামকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালের ২৭ আগস্ট ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট আসামি জাবেদ ইমামের সাজা বাতিল করে তাঁকে বেকসুর খালাসের রায় দেন। হাইকোর্টের এই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।
২০১২ সালের ২০ ডিসেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাবেদ ইমামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়েছে, যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন জাবেদ ইমাম। ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ।
ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিচারক জাবেদ ইমামকে সাময়িক বরখাস্ত করে।
জাবেদ ইমাম ২০০৮ সালে সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালের নভেম্বর মাসে তাঁকে যশোর থেকে ভোলায় বদলি করা হয়েছিল। ৮ নভেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছিলেন।