বিচারক জাবেদকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলায় বিচারিক আদালতে দণ্ডিত জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাবেদকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের জন্য অনুমতির (লিভ টু আপিল) আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আসামি জাবেদ ইমামকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালের ২৭ আগস্ট ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট আসামি জাবেদ ইমামের সাজা বাতিল করে তাঁকে বেকসুর খালাসের রায় দেন। হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।