বিচারক নিয়োগে নীতিমালা চান খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। গতকাল রোববার বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। খন্দকার মাহবুব দাবি করেন, আইনজীবীসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে যে অভিজ্ঞতা, দক্ষতা, সততা; এমনকি শিক্ষার মান বিবেচনা না করে শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা করে কোনো কোনো ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ করা হয়। বর্তমান সরকারের সময় ইতিমধ্যে অর্ধশতাধিক বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরও বিচারক নিয়োগের কথা শোনা যাচ্ছে। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের দাবি সত্ত্বেও দেশে সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা আজও তৈরি হয়নি। তাই বারবার বিচারক নিয়োগে বিতর্ক দেখা দিচ্ছে।’ তিনি অবিলম্বে একটি নীতিমালা প্রণয়ন এবং ওই নীতিমালা প্রণয়ন না করে নতুন বিচারক নিয়োগ না দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য গোলাম মোস্তফা খান।