বিচারক নিয়োগ ও বদলির অনুচ্ছেদ নিয়ে রুল
বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ এবং অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদসহ কয়েকটি অনুচ্ছেদের বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই দুটি অনুচ্ছেদসহ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ্যালেঞ্জ করে গত ৩ নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৯৫(২) (খ), ৯৮, ১১৫,১১৬ এবং ১১৬(ক) অনুচ্ছেদের সংশোধনী কেন সংবিধানের ২২ ও ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পরামর্শ ছাড়া প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির পাশাপাশি অতিরিক্ত বিচারকসহ অন্যান্য বিচারক শব্দ যুক্ত করে ৪৮ (৩) অনুচ্ছেদ সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়েও রুল হয়েছে।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, রিটে চতুর্থ সংশোধনী চ্যালেঞ্জ করা হয়েছে। ওই সংশোধনীতে সংবিধানের ৯৫ ও ১১৫ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল। ৯৫ অনুচ্ছেদে আগে ছিল অ্যাডিশনাল জজদেরও নিয়োগ করা হবে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। চতুর্থ সংশোধনীতে ‘পরামর্শক্রমে’ শব্দ বাদ দেওয়া হয়েছে। এটাকে অবৈধ ঘোষণার দাবি করেছেন। ১১৫ অনুচ্ছেদ চতুর্থ সংশোধনীর মাধ্যমে সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে নেওয়া হয়েছে। এটা আবেদনকারী চ্যালেঞ্জ করেছেন। মোদ্দা কথা হলো, আকন্দ সাহেব রিট পিটিশনে প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধির কথা বলতে চেয়েছেন।