বিচারক নিয়োগ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট নির্দেশনা কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিকনির্দেশনা তৈরি করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতিপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, আদালত তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইনসচিবকে নির্দেশ দেন। নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী ৩০ মে হাইকোর্টে রিটটি করেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম ও মির্জা আল মাহমুদ মামলা পরিচালনা করেন। রিট দায়েরের কারণ ব্যাখ্যা করে হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে সকলে অংশ নিতে পারে।