বিচারক নিয়োগ, বদলির অনুচ্ছেদ নিয়ে রিটের আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ এবং অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য ২৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আগামী রোববার আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। তবে এর আগে শুনানি হবে।
ওই দুটি অনুচ্ছেদের বৈধতাসহ কয়েকটি বিষয় নিয়ে গত ৩ নভেম্বর রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রাথমিক শুনানির পর ২২ নভেম্বর আদেশ মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখা হয়। গতকাল বিষয়টি তালিকায় ছিল।
পরে ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৯৫, ১১৬ সহ কয়েকটি অনুচ্ছেদের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। সোমবার আদেশের জন্য তালিকায় ছিল। আদালত ২৬ ফেব্রুয়ারি আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।
রিট আবেদনকারীর ভাষ্য, ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। তবে ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়। এটি সাংঘর্ষিক। সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে ১১৬ অনুচ্ছেদ সাংঘর্ষিক।