বিচারক নিয়োগের দাবিতে কর্মবিরতি ও মানবন্ধন
হবিগঞ্জে জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকটের প্রতিবাদে গতকাল সোমবার জেলার আইনজীবীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পাশাপাশি একই দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা।
সমিতি জানায়, জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানে ৩৫ হাজার ৬৯৫টি মামলা বিচারাধীন। বিচারক সংকটের কারণে বিচারকাজ ব্যাহত হচ্ছে। জেলা জজশিপে দুজন যুগ্ম জজ ও পাঁচজন সহকারী জজ এবং ছয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূন্য রয়েছে। মামলা বিচারাধীন আছে ১৬ হাজার ৩৭৬টি।
সূত্র জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিনজন কাজ করছেন। নয়টি থানা নিয়ে গঠিত ছয়টি কগনিজেন্স কোর্টসহ ছয়টি ট্রায়াল কোর্ট পরিচালনা করছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুজন। ইতিমধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলির আদেশ হয়েছে। তিনি বদলি হলে বাকি থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মানববন্ধনে বক্তারা বলেন, জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক কোর্ট রয়েছে। দীর্ঘদিন সেখানে ম্যাজিস্ট্রেটের পদ শূন্য রয়েছে। সপ্তাহে বৃহস্পতিবার বিচারপ্রার্থীদের জেলা সদরে আসতে হয়। চিফ জুডিশিয়াল আদালতে মোট ১৯ হাজার ৩১৯টি মা্মলা বিচারাধীন রয়েছে। জজশিপে যুগ্ম জেলা জজ-১-এর পদটি শূন্য থাকায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসংক্রান্ত মামলাগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি নিয়ে শংকা দেখা দিয়েছে ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ছালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘হবিগঞ্জ যুগ্ম জজ, সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পোস্টিং করার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বরাবরে জেলা জজ পত্র দিয়েছেন। আমরা প্রধান বিচারপতির বরাবরেও আবেদন করেছি।’ মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি খালেকুজ্জামন চৌধুরী, মো. আবদুর রউফ প্রমুখ।