বিচারক নেই, ঝুলে আছে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির জেলা ও দায়রা জজের পদ ছয় মাস ও মুখ্য বিচারিক হাকিমের পদ এক বছর ধরে শূন্য। এ ছাড়া জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকের দুটি পদও শূন্য রয়েছে।
চার বিচারকের পদ শূন্য থাকায় প্রায় ১০ হাজার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কাজ থেমে আছে। এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক বাদী-বিবাদীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের নেজারত শাখা সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বকাউল গত ১৬ জুন ঢাকায় বদলি হন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করলেও জেলা জজ আদালতের মামলার শুনানি গ্রহণ করতেন না। কিছুদিন পর আইন মন্ত্রণালয় থেকে কিরণ শংকরকে পূর্ণ জেলা জজের ক্ষমতা দেওয়া হয়। কিন্তু গত ২৩ জুন তিনিও ঢাকায় বদলি হয়ে যান। ১ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে মো. আবদুল হালিম যোগদান করলেও তিন দিন বিচারকাজ করে এক মাসের ছুটিতে চলে যান।
বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ তালুকদার আব্দুর রহিম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের দায়িত্বে থাকলেও বিচারিক ক্ষমতা না থাকায় তিনি এই দুই আদালতে মামলার শুনানি গ্রহণ করতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক জজ আদালতের একজন কর্মকর্তা বলেন, ২০০৫ সালে জমিয়াতুল মুজাহেদিনের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠিতে দুজন বিচারক নিহত হওয়া এবং এর দুই বছর পর জেএমবির গুলিতে সরকারি কৌঁসুলি হায়দার হোসাইন নিহত হওয়ার পর থেকে ঝালকাঠিতে কোনো বিচারক বদলি হয়ে আসতে চান না।
ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালত সূত্রে জানা গেছে, মুখ্য বিচারিক হাকিম আদালতে মোট পাঁচটি বিচারক পদের মধ্যে বর্তমানে মুখ্য বিচারিক হাকিমের পদ ও একটি বিচারিক হাকিম পদ শূন্য রয়েছে। গত বছরের ২৩ জুলাই মুখ্য বিচারিক হাকিম কে এম শামসুল আলম ঢাকায় বদলি হয়ে যান। এর পর থেকে গত এক বছরে ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিম পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মুখ্য বিচারিক হাকিম আদালতে বর্তমানে পাঁচ শ ফৌজদারি মামলা বিচারাধীন। ভারপ্রাপ্ত বিচারকও এসব মামলার শুনানি করতে পারছেন না। ফলে বিচারপ্রার্থীরা এক বছর ধরে শুধু আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন।