সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে পরাজিত ১৪ কাউন্সিলর প্রার্থী চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনালে গত মে মাসে মামলা করেন। বিধান অনুযায়ী, মামলা করার ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনালে গত ১১ মাস ধরে বিচারক নেই। ফলে এসব মামলার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলছেন বাদীপক্ষের আইনজীবীরা। গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই করে সিল মারা, প্রিসাইডিং কর্মকর্তাদের জিম্মি করে রাখা, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে নির্বাচনী ফল বাতিল চেয়ে মামলাগুলো করা হয়।
ট্রাইব্যুনালে বিচারক না থাকার বিষয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি নাজমুল আহসান খান প্রথম আলোকে জানান, প্রথম যুগ্ম চট্টগ্রাম জেলা জজ আদালতের বিচারক নির্বাচনী ট্রাইব্যুনালেরও দায়িত্বপ্রাপ্ত। নির্বাচনসংক্রান্ত মামলা ছাড়াও এই আদালতে জমিজমা ও ফৌজদারি অপরাধসংক্রান্ত প্রায় সাত হাজার মামলা বিচারাধীন। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম যুগ্ম চট্টগ্রাম জেলা জজ আদালতের বিচারক বদলি হওয়ার পর ওই পদে নতুন কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি। প্রথম যুগ্ম চট্টগ্রাম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম জেলা জজ। দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম জেলা জজ আদালতেও প্রায় ছয় হাজার মামলা বিচারাধীন। এ জন্য প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও বিচারক নিয়োগ না হওয়ায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ বেড়েছে।
আদালত সূত্র জানায়, ২৮ এপ্রিলের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের বিএনপি-সমর্থিত প্রার্থী ও চারবারের কাউন্সিলর আবদুল মালেক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও গতবারের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও গতবারের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তিনবারের কাউন্সিলর ফেরদৌস বেগমসহ ১৪ জন পরাজিত কাউন্সিলর প্রার্থী চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। গত ১৯ মে থেকে ২৮ মে পর্যন্ত মামলাগুলো করা হয়। মামলায় জয়ী কাউন্সিলর ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়।
১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম প্রথম আলোকে বলেন, বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই করে সিল মারার প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় বহিরাগত সন্ত্রাসীরা। তাঁর দাবি, ৫৭টি ভোটকেন্দ্রে একই অবস্থা দেখেছেন তিনি ভোটের দিন। তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তাঁর অভিযোগ, নির্বাচনী দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তৎক্ষণাৎ অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এসব অভিযোগে গত ২৫ মে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।
ফেরদৌস বেগম বলেন, প্রতিকার চেয়ে আদালতে গেলেও বিচারক না থাকায় দ্রুত নিষ্পত্তি হচ্ছে না মামলাটি। ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ দিতে সরকারের কাছে দাবি জানান তিনি।
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম জয়ী কাউন্সিলর কফিল উদ্দিন খানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা বাতিলের জন্য ট্রাইব্যুনালে মামলা করেন। ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল মালেক তাঁর প্রতিদ্বন্দ্বী জয়ী সলিম উল্লাহর বিরুদ্ধে হলফনামায় ১০০ কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগ এনেছেন। এ ছাড়া ভোটারদের বাধা, ব্যালট ছিনতাই করে সিল মারাসহ বিভিন্ন অভিযোগ করেন। ১৪ টির মামলার আরজিতে প্রায় একই অভিযোগ করেছেন পরাজিত কাউন্সিলররা।
ফেরদৌস বেগমসহ পরাজিত সাতজন কাউন্সিলর প্রার্থীর আইনজীবী পূর্ণেন্দু বিকাশ চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে বিচারক না থাকায় মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। বিবাদীপক্ষ কোনো জবাব না দিয়ে শুধু সময়ের আবেদন করছেন আদালতে। বিচারক থাকলে মামলাগুলোর শুনানি শেষে নিষ্পত্তি করা যেত। ট্রাইব্যুনালে রায়ের পর বাদী কিংবা বিবাদী নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে পারতেন। সেখান থেকে উচ্চ আদালতেও যেতে পারতেন।
পরাজিত আরেক কাউন্সিলর প্রার্থী মো. শফিকুল ইসলামের আইনজীবী মাসুদুল আলম জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের ৩৭ ধারায় রয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো নির্বাচনী দরখাস্ত দাখিলের ১৮০ দিনের মধ্যে দরখাস্ত নিষ্পত্তি করতে হবে। কিন্তু বিচারক না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না।
অনিয়মের অভিযোগে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের ট্রাইব্যুনালে করা মামলা নিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। তাই কোনো মন্তব্য করতে চাই না।’