বিচারক নেই, ফের পেছাল লিমনের অব্যাহতি আবেদনের শুনানি

ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য থাকায় নির্ধারিত নবম তারিখেও সরকারি কাজে বাধাদানের মামলা থেকে অব্যাহতি পাননি র্যা বের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুর উপজেলার লিমন হোসেন। গতকাল সোমবার এ মামলার নির্ধারিত তারিখে বিচারক না থাকায় অব্যাহতি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান। এর আগে আদালত এ মামলায় লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। গতকাল আদালতে লিমনের পক্ষে হাজিরা দেন তাঁর আইনজীবীরা।
ঝালকাঠির সরকারি কৌঁসুলি আবদুল মান্নান বলেন, গত বছর জুলাই মাসে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম বদলি হয়ে যান। আজ পর্যন্ত ঝালকাঠিতে ওই পদে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত বিচারকের এখতিয়ার না থাকায় তিনি অব্যাহতি আবেদনের শুনানি গ্রহণ করতে পারছেন না।
লিমনের আইনজীবী মানিক আচার্য্য জানান, ২০১১ সালের ২৩ মার্চ র্যা বের গুলিতে পা হারান লিমন। এ ঘটনার পর বরিশালে র্যা ব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেন।
সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে গত বছরের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের আদেশ দেয়। ঝালকাঠির সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে লিমনকে অব্যাহতি দেন। প্রায় আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যাহতি পেলেও সরকারি কাজে বাধাদানের মামলা থেকে আজও অব্যাহতি পাননি লিমন।
লিমন হোসেন বর্তমানে ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন।