বিচারক প্রত্যাহারের দাবিতে দুই মাস ধরে আদালত বর্জন
চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরকে প্রত্যাহারের দাবিতে গত ৯ নভেম্বর থেকে আদালত বর্জন করছেন আইনজীবীরা। এ ব্যাপারে প্রায় দুই মাস কোনো সুরাহা না হওয়ায় বিচারপ্রার্থীরা নানা সমস্যায় পড়ছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ৩ নভেম্বর একজন আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং এজলাসে তাঁকে গ্রেপ্তারের মৌখিক নির্দেশ দেন মুখ্য বিচারিক হাকিম। এরই পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতি ভবনে এক জরুরি সভা করেন আইনজীবীরা। সভায় মুখ্য বিচারিক হাকিমকে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের অনুলিপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।
আইনজীবীরা অভিযোগ করেন, মুখ্য বিচারিক হাকিম আইনজীবীর অংশগ্রহণ ছাড়াই বিচারকাজ পরিচালনা করছেন। এতে করে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপিলের শুনানি হচ্ছে না। উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামিদের ক্ষেত্রে জামানতনামা দিতে পারছেন না আইনজীবীরা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে জামানতনামা নিচ্ছেন আদালত। ফলে তাঁদের কারাগার থেকে বের হতে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে মুখ্য বিচারিক হাকিম নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।