বিচারক ফারুক আহম্মেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে যাওয়া ঢাকার বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ফারুক আহম্মেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত চিঠি সব বন্দরে পাঠানো হয় বলে অভিবাসন পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
এর আগে তাঁর বিরুদ্ধে অস্বাভাবিক দ্রুতগতিতে মামলার রায় দেওয়ার অভিযোগ উঠলে এর পেছনে আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে কি না, দুর্নীতি দমন কমিশন (দুদক) তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
দুদক সূত্র জানায়, বিচারকের দুর্নীতি অনুসন্ধানের জন্য উপপরিচালক যতন কুমার রায়কে প্রধান করে গতকাল দুই সদস্যের দল নিয়োগ দিয়েছে কমিশন। দলের অন্য সদস্য হলেন সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অবসরে যাওয়ার আগে বিচারক ফারুক আহম্মেদ নয় কোটি টাকার হেরোইন পাচারের দুটি ও সাড়ে তিন হাজার ইয়াবা পাচারের একটি মামলার সাত বিদেশি আসামিসহ ১১ জনের বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করে তাঁদের খালাস দেওয়ার আদেশ দেন। তিন মামলার ক্ষেত্রেই জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য না নিয়েই তিনি মামলার কার্যক্রম শেষ করেন।
দুদক সূত্র আরও জানায়, এ ছাড়া ১৫টি চাঞ্চল্যকর চোরাচালান মামলার আসামিকেও খালাস দেওয়ার অভিযোগ রয়েছে ওই বিচারকের বিরুদ্ধে। আবার দুটি হেরোইন মামলায় অতি দ্রুত বিচারকাজ শেষ করে আসামিদের খালাস করে দেন তিনি। আর এ প্রতিটি মামলার ক্ষেত্রেই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে বিচারক ফারুক আহম্মেদের বিরুদ্ধে।