বিচারক ফারুকের সম্পদের তালাশ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মাদক চোরাচালানের মামলার ১১ আসামিকে খালাস দেওয়ার অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ কাজে দুই সদস্যের দল নিয়োগ দিয়েছে দুদক।


প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য বলেন, ফারুক আহম্মেদ ঢাকা বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি নয় কোটি টাকার হেরোইন পাচারের দুটি ও সাড়ে তিন হাজার ইয়াবা পাচারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সাত বিদেশিসহ ১১ আসামির বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করে তাঁদের খালাস দেন। তিন মামলার ক্ষেত্রেই আলামত উদ্ধারের জব্দ তালিকায় উল্লেখ করা সাক্ষীদের সাক্ষ্য না নিয়েই মামলার কার্যক্রম শেষ করেন তিনি।


দুদকের এই কর্মকর্তা জানান, আরও ১৫টি চাঞ্চল্যকর চোরাচালান মামলার আসামিকেও খালাস দেওয়ার অভিযোগ রয়েছে ওই বিচারকের বিরুদ্ধে। এ ছাড়া দুটি হেরোইন মামলায় দীর্ঘদিন ধরে অন্য আদালতে স্থানান্তরের পর অতি দ্রুত বিচারকাজ শেষ করে আসামিদের খালাস করে দেন তিনি। আর এসব মামলার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে বিচারক ফারুক আহম্মেদের বিরুদ্ধে। তাই তাঁর আর্থিক অনিয়ম অনুসন্ধান করতে দুদকের উপপরিচালক যতন কুমার রায়কে প্রধান করে দুই সদস্যের তদন্ত দল নিয়োগ দিয়েছে কমিশন। অন্যজন হলেন দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।