বিচারক মোতাহার হোসেনের স্টেনোর সম্পদের খোঁজ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া বিচারক মোতাহার হোসেনের স্টেনোগ্রাফার মো. আবুল হাসানের ‘অবৈধ’ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় দুদক কর্তৃপক্ষ। আবুল হাসানের সন্দেহভাজন অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ।
গত ২০ জানুয়ারি সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এর আগেই তিনি দেশ ছাড়েন। দুদকের পাওয়া তথ্যমতে, মোতাহার হোসেন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
দুদকের গতকালের বৈঠকে সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব ও বর্তমান প্রবাসীকল্যাণ সচিব খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দসংক্রান্ত অনিয়মের তদন্ত কর্মকর্তা হিসেবে উপপরিচালক যতন কুমার রায়কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার সচিবকে আসামি করে ওই প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তিনটি পৃথক মামলা করা হয়।
এদিকে প্রায় এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক এর নকশা অনুমোদন শাখার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সালমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুপুরে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।