বিচারক-সংকট, মামলাজট
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের জজ, অতিরিক্ত জজ, যুগ্ম জজ ও একজন সহকারী জজের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এই আদালতে ছয় হাজার ৩২টি মামলা বিচারাধীন। দীর্ঘদিন ধরে বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন।জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, শরীয়তপুরের জেলা ও দায়রা জজ ফজলুর রহমান গত ৩০ সেপ্টেম্বর থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেছেন। তিনি এলপিআরে যাওয়ার আগে ২৫ আগস্ট থেকে জেলা আইনজীবী সমিতি তাঁর অপসারণের দাবিতে আদালত বর্জন করে। এই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের পদে শরীয়তপুরে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শূন্য রয়েছে যুগ্ম এবং সহকারী জেলা ও দায়রা জজের দুটি পদ।জেলা ও দায়রা জজ আদালতে তিন হাজার ৭৬২টি দেওয়ানি মামলা বিচারাধীন। ফৌজদারি মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক হাজার ২১২টি, এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঁচটি, স্পেশাল ট্রাইব্যুনালে ৭৭টি, জননিরাপত্তা বিঘ্নসৃষ্টিকারী অপরাধ ট্রাইব্যুনালে ১৮টি ও দায়রা জজ আদালতে সেশন মামলা ৩৪২টি বিচারাধীন রয়েছে।বিচারকেরা দেওয়ানি মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালনা করলেও জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের শীর্ষ পদগুলো শূন্য থাকায় ফৌজদারি মামলাগুলোর বিচার কার্যক্রম ২৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে।ডামুড্যা উপজেলার আকালবরিশ গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ‘একটি হয়রানিমূলক মামলায় আমার বাবা তিন মাস ধরে জেলা কারাগারে আছেন। বিচারক না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। নিম্ন আদালতে জামিন চাইতে পারতেছি না। উচ্চ আদালতেও যেতে পারছি না।’শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী মুরাদ হোসেন মুন্সি জানান, জেলা ও দায়রা জজসহ এ আদালতের শীর্ষ পদে দীর্ঘদিন ধরে বিচারক নেই। প্রতিনিয়ত বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। যাঁরা কারাগারে আছেন, তাঁরাও জামিন পাচ্ছেন না। আবার আদালতের মাধ্যমে কেউ ট্রাইব্যুনালে মামলাও করতে পারছে না।শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জানান, যুগ্ম জেলা জজ ওয়ালিউল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে জেলা ও দায়রা জজ এলপিআরে গেছেন। এ আদালতে আরও তিনজন বিচারকের পদ শূন্য রয়েছে। ছয় হাজার ৩২টি মামলা বিচারাধীন আছে। তিনি বলেন, ‘কবে নাগাদ শূন্যপদে বিচারক নিয়োগ দেওয়া হবে, আমরা জানি না।’