বিচারক-সংকটে মানুষের ভোগান্তি
বিচারক-সংকটে জয়পুরহাটের বিভিন্ন আদালতে মামলাজট বেড়েছে। পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও বেড়েছে। বিচারক-সংকটে মামলার তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছেন।
জানা গেছে, জেলা জজ আদালতের অধীন বিভিন্ন আদালতে বিচারকের নয়টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চারজন। মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিচারকের নয়টি পদের মধ্যে ছয়টিই শূন্য রয়েছে। এসব আদালতে ছয় হাজার ৯০২টি মামলা বিচারাধীন। আদালতের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ গত ২০ মে থেকে অসুস্থতাজনিত কারণে ছুটিতে আছেন। এ আদালতে এক হাজার ২৭৮টি মামলা বিচারাধীন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ জুলাই অন্যত্র বদলি হয়ে গেছেন। ওই আদালতে বিচারাধীন মামলা এক হাজার ৬৯৪টি। প্রথম যুগ্ম জেলা জজ গত ২১ এপ্রিল বদলি হয়ে গেছেন। ওই আদালতে বিচারাধীন মামলা এক হাজার ৭২৯টি। ক্ষেতলাল উপজেলা সহকারী জজ ২০১২ সালের ২৪ অক্টোবর বদলি হয়ে যান। ওই আদালতে বিচারাধীন মামলা ৪৫৭টি। আক্কেলপুর উপজেলা সহকারী জজ আদালতের বিচারক ২০০৮ সালে প্রথম দিকে বদলি হয়ে যান। ওই আদালতে ৪৮০টি মামলা বিচারের অপেক্ষায় আছে। জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতের অধীনে বিচারকের নয়টি পদ রয়েছে। এর মধ্যে মুখ্য বিচারিক হাকিমের পদটি ২০১২ সাল থেকে শূন্য রয়েছে। ওই আদালতে বিচারাধীন মামলা ৮৩৭টি। জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তিনটি পদের মধ্যে একটি শূন্য রয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমের চারটি পদ শূন্য রয়েছে।
আক্কেলপুর উপজেলার সাদেক আলী জানান, তিনি আক্কেলপুর সহকারী জজ আদালতে দলিল সংশোধনের জন্য একটি মামলা করেছেন। বিচারক না থাকায় মামলার তারিখ বারবার পেছাচ্ছে। কিন্তু মামলার ধার্য তারিখে এসে আইনজীবীকে হাজিরার টাকা ঠিকই দিতে হচ্ছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নাছিম মো. শামিমুল ইমাম জানান, শূন্যপদগুলোতে বিচারক নিয়োগের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, জেলা জজ অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় এবং বিচারকের বেশ কয়েকটি পদ শূন্য থাকায় মামলাজট বাড়ছে। বিচারক না থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে।