বিচারক-সংকটে সাড়ে ১৮ হাজার মামলার জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক-সংকটের কারণে শেরপুরের বিভিন্ন আদালতে ১৮ হাজার ৪৮৮টি মামলার জট সৃষ্টি হয়েছে। এতে বিচারপ্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গ্রাম থেকে শহরে বারবার আসা-যাওয়া করতে হয় বলে তাঁদের দুর্ভোগও পোহাতে হচ্ছে। এ ছাড়া মুখ্য বিচারিক হাকিম আদালতের নিজস্ব ভবন না থাকায় সেখানে বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আদালত ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন আদালতে বিচারকের ২২টি পদের মধ্যে ১২টি পদ শূন্য। এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের ১১টি পদের মধ্যে পাঁচটি শূন্য। এগুলো হচ্ছেনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; জ্যেষ্ঠ সহকারী জজ, শেরপুর সদর এবং সহকারী জজ, শ্রীবরদী; সহকারী জজ, ঝিনাইগাতী ও সহকারী জজ নকলা।

জেলা জজ আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মার্চ মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইদুর রহমান খান পদোন্নতি পেয়ে জামালপুরের জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের পর থেকে সেই পদটি শূন্য রয়েছে। এ আদালতে এক হাজারের বেশি মামলা রয়েছে। জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এ আদালতে দায়িত্ব পালন করছেন। জেলা ও দায়রা জজের অধীন সদরের জ্যেষ্ঠ সহকারী জজ হাফিজ আল আসাদ ২০১৬ সালের জুলাইয়ে বদলি হন। সেই বিচারকের পদটি নয় মাসেও পূরণ হয়নি।

জেলা ও দায়রা জজ আদালতের একজন কর্মকর্তা জানান, গত জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজের অধীন আদালতগুলোয় সিভিল, পারিবারিক ও ফৌজদারি আইনে ১৪ হাজার ১২৪টি মামলা বিচারাধীন। প্রয়োজনীয়সংখ্যক বিচারক না থাকায় দ্রুত মামলা নিষ্পত্তির পরিবর্তে মামলাজট বেড়ে চলেছে। ফলে মামলা নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা দিনের পর দিন আদালতে এসে আইনজীবী ও তাঁদের সহকারীদের ফি দিয়ে মামলার পরবর্তী তারিখ নিয়ে বিষণ্ন মনে বাড়ি ফিরছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, নিয়মিত বিচারক না থাকায় মামলাজট বেড়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে এবং তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক হাজারের বেশি মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিচারপ্রার্থী বলেন, শ্রীবরদী সহকারী জজ আদালতে দুই বছর ধরে তাঁর জমিসংক্রান্ত একটি মামলা বিচারাধীন। মামলার নির্ধারিত তারিখে আদালতেও আসছেন। কিন্তু বিচারক সংকটের কারণে মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। এতে তিনি আর্থিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতেও বিচারক–সংকট প্রকট আকার ধারণ করেছে। মুখ্য বিচারিক হাকিমের অধীন ১১টি আদালতে ১১ জন বিচারকের মধ্যে আছেন মাত্র চারজন। দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তিনটি পদের মধ্যে দুটি ও বিচারিক হাকিমের চারটি পদের মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া দ্রুত বিচার আদালত ও বন আদালতেও কোনো বিচারক নেই। এসব আদালতে জানুয়ারি মাস পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা চার হাজার ৩৬৪টি। বিচারক–সংকটের কথা স্বীকার করে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মোশাররফ হোসেন বলেন, বিচারক সংকটের কারণেই আদালতগুলোয় মামলাজট বাড়ছে। এ ব্যাপারে মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে চিঠি দেওয়া হয়েছে।