বিচারক সম্পর্কিত আইনের খসড়া অনুমোদনে সমস্যা নেই : এ বি এম খায়রুল হক
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত যে মামলার রায় হাইকোর্টে অপেক্ষমাণ রয়েছে, সে সংক্রান্ত আইন আগে মন্ত্রিসভায় অনুমোদনে কোনো সমস্যা নেই। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এমনটাই মনে করেন।
এ বি এম খায়রুল হক আরও বলেন, আইনটি এখনো চূড়ান্ত হয়নি। এমনও না যে আগামীকালই আইনটি হয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ এর খসড়ার বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইন কমিশনে ওই সংবাদ সম্মেলন হয়।
এক প্রশ্নের জবাবে সাবেক প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা চাইলে প্রস্তাবিত আইনটি আগেও উত্থাপন করতে পারত। পরেও নিতে পারত। তবে এর ফলে হাইকোর্টের রায় কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কারণ এটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। হয়তো এ নিয়ে আরও আলোচনা হবে। সংসদীয় কমিটিতে যাবে কিংবা আলাপ আলোচনা হবে।
আগামী ৫ মে হাইকোর্টের একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এই প্রস্তাবিত আইনটির বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দেওয়ার জন্য আইন কমিশন আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ বি এম খায়রুল হক বলেন, প্রস্তাবিত এই আইনে সুপ্রিম কোর্টের বিচারকদের অনর্থক চাপ দেওয়া বা যেকোনো ধরনের হয়রানি এড়ানোর সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে। প্রতিটি স্তরে যেন তাঁরা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পান সেটি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন আইন কমিশনের সদস্য এম শাহ আলম।