বিচারক সস্পর্কে কটূক্তি করায় আইনজীবীর জরিমানা
আদালত অবমাননার অভিযোগে এক আইনজীবীকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান এ আদেশ দেন। অভিযুক্ত আইনজীবীর নাম মোহাম্মদ সেলিম। তিনি ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সদস্য। সংশ্লিষ্ট আদালতের সহকারী কৌঁসুলি কাজী জসিম উদ্দিন ও আফরোজা ফারহানা আহমেদ সাংবাদিকদের জানান, ওই আইনজীবী আদালতে দাঁড়িয়ে বিচারক সম্পর্কে কটূক্তি করেন। এ কারণে তাঁকে জরিমানা করা হয়েছে। সূত্র জানায়, আইনজীবী সেলিম গতকাল একটি চেক প্রতারণার মামলায় বাদীকে আরেক দফা জেরা করার জন্য আদালতের কাছে আবেদন করেন। এ মামলাটির গতকালই রায়ের দিন ধার্য ছিল। এ কারণে আদালত তাঁর আবেদন নাকচ করে দেন। এরপর আইনজীবী সেলিম বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের কারণেই বিচার বিভাগের আজ এই অবস্থা।’ ওই আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এস এম আমিনুল ইসলামের জামিন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও মন্তব্য করেন।এরপর বিচারক আক্তারুজ্জামান ওই আইনজীবীকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেন। আইনজীবী সেলিম লিখিত জবাবও দেন। জবাব সন্তোষজনক না হওয়ায় বিচারক আইনজীবীকে দণ্ডবিধির ২২৮ ধারায় ১০০ টাকা জরিমানা করেন।