বিচারক স্বামীর বিরুদ্ধে মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সহকারী জজ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী মারুফা খাতুন। ৭ মে আদালতের বিচারক মুহামঞ্চদ জাকারীয়্যা ওই বিচারকের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের সঙ্গে একই উপজেলার নাংলা গ্রামের মারুফা খাতুনের বিয়ে হয় ২০১১ সালের ৩ ডিসেম্বর। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে মারুফাকে শারীরিক নির্যাতন শুরু করেন তাঁর স্বামী। এ ঘটনায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মারুফা সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে যৌতুকের মামলা করেন।

ওই বছরের ১০ অক্টোবর সিরাজুলের ভগ্নিপতি খালেক গাজী পিরোজপুরের মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ভুয়া এমদাদুল হক নাম ও ঠিকানা ব্যবহার করে মারুফাসহ তাঁর বাবা ও ভাইদের নামে অর্থ আত্মসাতের মামলা করেন।

মারুফা আদালতে হাজির হয়ে জামিন শুনানিতে বাদীর নাম-ঠিকানা নিয়ে আপত্তি করলে আদালত বাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদীর আইনজীবী তাঁর মক্কেলকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়ে বাদীর মুঠোফোন নম্বর আদালতে উপস্থাপন         করেন। চার্জ শুনানিতে আদালত মামলাটি খারিজ        করে দেন।

এরপর মারুফা খাতুনের এক আবেদনের পরিপেক্ষিতে আদালত আদালতে উপস্থাপিত মুঠোফোন নম্বর ব্যবহারকারীর সঠিক পরিচয় জানতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ২৮ এপ্রিল পুলিশ ওই নম্বরের সিম ব্যবহারকারী সিরাজুলের ভগ্নিপতি খালেক গাজী বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। ৭ মে মারুফা খাতুন সিরাজুল ইসলাম, তাঁর ভগ্নিপতি খালেক গাজী ও খালাতো ভাই মালেক গাজীকে আসামি করে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে খালেক গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সিরাজুল ইসলাম ও মালেক গাজীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ৮ জুলাই আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

মারুফা খাতুনের আইনজীবী সুশীল চীেধুরী বলেন, মারুফার বিরুদ্ধে এমদাদুল হক নামধারী খালেক গাজীর মামলাটি তদন্ত করতে গিয়ে সহকারী জজ সিরাজুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়। কথিত এমদাদুল হকের মামলাটির সুবিধাভোগী (বেনিফিশারি) হলেন সিরাজুল ইসলাম। মারুফার স্বামী বিচারক হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন।

মারুফা খাতুন অভিযোগ করেন, আসামি বিচার বিভাগে কর্মরত থাকায় মামলায় প্রভাব বিস্তার করছেন।

সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা ও সমন জারি সম্পর্কে কিছুই জানি না। মারুফা নামে আমার কোনো স্ত্রী নেই।’ বিয়ের নিকাহনামার প্রসঙ্গে জানতে চাইলে তিনি সেটি ভুয়া বলে দাবি করেন।