বিচারককে আসামির জুতা নিক্ষেপ দুই কনস্টেবল বরখাস্ত
চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সারওয়ারের দিকে জুতা ছুড়ে মেরেছেন মো. ফোরকান নামের এক ছিনতাই মামলার আসামি। গতকাল বৃহস্পতিবার নতুন আদালত ভবনের তৃতীয় তলায় বিচারকের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এজলাসে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে (কনস্টেবল) সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কাজী ফারুক ও মো. ওমর ফারুক। সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, কোনো আসামির পরনের কাপড় ছাড়া অন্য কিছু নিয়ে কাঠগড়ায় ওঠার বিধান নেই। আসামিকে জুতা নিয়ে কাঠগড়ায় যাওয়ার সুযোগ করে দিয়ে দুই কনস্টেবল দায়িত্বে অবহেলা করেছেন।আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ এপ্রিল নগরের খুলশী থানাধীন নিউ শহীদ লেন এলাকায় ছিনতাই করার সময় লুণ্ঠিত দুটি মুঠোফোন সেট ও ধারালো ছোরাসহ গ্রেপ্তার হন ফোরকান। এ সময় তাঁর সহযোগী আমীর হোসেনকেও পুলিশ গ্রেপ্তার করে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিদের জামিন শুনানির সময় ফোরকান অন্য আসামির জুতা নিয়ে তা বিচারককে লক্ষ করে ছুড়ে মারেন। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচারকের সামনে থাকা আইনজীবীদের বসার সোফার ওপর পড়ে। ঘটনার আকস্মিকতায় সবাই হকচকিয়ে গেলেও বিচারক শুনানি শেষ করেন। শুনানি শেষে তিনি ফোরকান ও তাঁর সহযোগীর জামিন আবেদন নাকচ করে দেন।চট্টগ্রাম মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, শুনানি চলাকালে জামিন না পাওয়ার আশঙ্কা থেকে ফোরকান বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন। এ কথা আসামি নিজেই স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।আদালত সূত্র জানায়, ঈদ সামনে রেখে কারাবন্দী ডাকাতি ও ছিনতাই মামলার বিপুলসংখ্যক আসামি সম্প্রতি জামিনের জন্য আবেদন করেন। চট্টগ্রাম মহানগরের প্রথম অতিরিক্ত দায়রা জজ গোলাম সারওয়ার ছিনতাই ও ডাকাতি মামলার আসামিদের সেভাবে জামিন দেননি। গতকাল অন্যান্য আদালতেও অনুরূপ মামলার আসামিদের জামিন পাওয়ার হার খুব কম ছিল বলে জানা গেছে।আসামি ফোরকানের কৌঁসুলি মোহাম্মদ আবু আবদুল্লাহ আল হেলাল প্রথম আলোকে বলেন, ‘ফোরকানের আচরণে আমি হতভম্ব। যে আসামি বিচারককে জুতা মারে, সেই আসামির মামলা আমি পরিচালনা করব না। তাই ফোরকানের মামলা থেকে আমি ওকালতনামা প্রত্যাহার করে নিয়েছি।’