চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমানকে মৃত্যুর হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের টুকরায় লাল রং দিয়ে ক্ষতবিক্ষত একটি মানুষের ছবি এঁকে পাঠানো হয়।মহানগর আদালতের একজন কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার সকালে চিঠিটি ডাকযোগে আসে। এরপর বিচারক মজিবুর রহমান কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই বিচারকের আদালতে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত মামলা দুটির বিচার চলছে।চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মৃত্যু পরোয়ানার চিঠি দিয়ে বিচারককে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের শাস্তি হলে বিচারককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।’পিপি কামালউদ্দিন দাবি করেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এই হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তে সংশ্লিষ্ট পুলিশ, আইনজীবী ও সাক্ষীদের ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।চিঠিটি ৩ অক্টোবর ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) মাধ্যমে পাঠানো হয়। খামে প্রেরকের ঘরে ঢাকার মিরপুরের একটি ঠিকানা লেখা রয়েছে।চিঠিতে বলা হয়, ‘শহীদ জিয়ার আদর্শের সৈনিক লুৎফুজ্জামান বাবর ভাইকে যদি অন্যায়ভাবে গ্রেনেড হামলা মামলা এবং চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় যদি আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজা দেন, তাহলে মনে রাখবেন, আপনাকে যেকোনো জায়গায় মুঠোফোনের রিমোট কন্ট্রোল বোমা মেরে উড়িয়ে দেব।’ চিঠির শেষ প্যারায় বলা হয়, ‘এটা আপনার মৃত্যুর নোটিশ। এই নোটিশের সঙ্গে দাফনের কাপড় দেওয়া হলো। কারণ, আপনি বাবর সাহেবকে তাড়াতাড়ি সাজা দিতে চাচ্ছেন। ইতি, নেত্রকোনার জনগণ।’চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, চিঠির উৎস ও এ বিষয়ে কার সংশ্লিষ্টতা রয়েছে, তা তদন্ত করা হচ্ছে।