ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহনূর আলমকে নির্যাতন করে হত্যার অভিযোগে র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে মামলা করে আতঙ্কে আছে নিহত ব্যক্তির পরিবার৷ মামলা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জে৵ষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করায় এ আতঙ্ক অারও বেড়ে গেছে৷
জানা গেছে, উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা ছিলেন শাহনূর আলম (৪৩)৷ তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগে র্যাবের বিরুদ্ধে মামলা করতে ১ জুন আদালতের দ্বারস্থ হন শাহনূরের ভাই মেহেদী হাসান। গত বুধবার অধিকতর শুনানি শেষে র্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা নিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেরও নির্দেশ দেন আদালত৷ পরের দিন বৃহস্পতিবার নাজমুন নাহারকে আদালত থেকে প্রত্যাহারের নির্দেশ দেন মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানী।
এ ব্যাপারে ৫ জুন প্রথম আলোতে ‘ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ আদালতের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ পরের দিন ‘ব্রাহ্মণবাড়িয়ায় বিচারককে আমলি আদালত থেকে প্রত্যাহার’ শিরোনামে আরেকটি প্রতিবেদন ছাপা হয়৷
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী৷ এ সময় পূর্ব নবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশ হয়৷ সমাবেশে বক্তারা শাহনূর আলম হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান৷
এদিকে তিন দিন পার হলেও আদালতের আদেশসংক্রান্ত কোনো নথি পাননি নবীনগর থানার ওসি৷ যোগাযোগ করা হলে ওসি রূপক কুমার সাহা বলেন, ‘আদালতের সেরেস্তা বিভাগ এ ব্যাপারে ভালো বলতে পারবে।’ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করতে হবে৷ কোনো ওসিরই এটাকে অমান্য করার কোনো সুযোগ নেই।’
মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৪-এর একটি দল উপজেলার বগডহর গ্রাম থেকে শাহনূর আলমকে চোখ ও মুখ বেঁধে র্যাবের ভৈরব ক্যাম্পে নিয়ে যায়৷ সেখানে ক্যাম্পের অধিনায়ক সাকিব সিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে শাহনূরকে পিটিয়ে গুরুতর জখম করেন৷ একপর্যায়ে শাহনূর অচেতন হয়ে পড়েন৷ পরদিন সকালে চেতনা ফিরলে তাঁকে নবীনগর থানায় নেওয়া হয়৷ উপজেলা সদরের আবু তাহেরকে ডেকে এনে শাহনূরের বিরুদ্ধে মামলা করায় র৵াব৷ পরে তাঁকে কারাগারে পাঠানো হয়৷ সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ৪ মে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ৬ মে শাহনূরের মৃত্যু হয়৷
গত শুক্রবার সরেজমিনে নবীনগর উপজেলার বগডহর গ্রামের নৌকার মাঝি, দুধ ব্যবসায়ী, মসজিদের ইমাম থেকে শুরু করে নানা শ্রেিণ-পেশার মানুষের কথা হয়৷ তাঁরা সবাই বলেন, শাহনূর অনেক ভালো স্বভাবের লোক ছিলেন। বিনা অপরাধে র্যাবের সদস্যরা তাঁকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছেন।
শাহনূরের মা জোহরা খাতুন বলেন, ‘আমার পুলারে হেরা (র্যাব) কেমনে নিয়া গেল? চার মিনিটের মধ্যে দিয়া যাইব বইলা ঘাটলায় নিয়া গেছে। মাইরা লাইব জানলে আমিও যাইতাম।’ বাবা রহিছ মিয়া বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় শাহনূর জানায়, র্যাবের সদস্যরা ক্যাম্পে তার মুখে গরম পানি ঢেলেছে। তার তলপেটে অনেক লাথি মারা হয়েছে। কারেন্টের শক্ দেওয়া হয়েছে। পশুর মতো আচরণ করেছে৷’
নিহত ব্যক্তির ভাই মেহেদী হাসান বলেন, ‘র্যাবের বিরুদ্ধে মামলা গ্রহণের আদেশ দেওয়ার পরপরই বিচারিক হাকিম নাজমুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে৷ তাই ন্যায়বিচার তো অনেক পরের কথা; মামলা লিপিবদ্ধ করা হবে কি না, তা নিয়েই আতঙ্কে আছি৷’