বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ
দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গত মঙ্গলবার বিচার চলাকালে জামিন না পাওয়ায় ডাকাতি মামলার এক আসামি বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন। তবে জুতাটি বিচারকের গায়ে লাগেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।আসামির নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি বীরগঞ্জ উপজেলায় একটি ডাকাতির মামলার আসামি। ২০১০ সালের শুরু থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে আটক আছেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মেহেরুল ইসলাম জানান, গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী মাসুদ হাসান জামিনের আবেদন জানান। কিন্তু বিচারক মো. মিজানুর রহমান তাঁর আবেদন নামঞ্জুর করেন। একপর্যায়ে কাঠগড়া থেকে আসামি শফিকুল বিচারকের কাছে কিছু বলার অনুমতি চান। বিচারক অনুমতি দিলে তিনি বিচারককে উদ্দেশ করে বলেন, ‘হুজুর, মোটরসাইকেল চুরির মামলায় এক সকালে পার্বতীপুর পুলিশ আমাকে গ্রেপ্তার করে। যেদিন গ্রেপ্তার হই, সেই দিনগত রাতে বীরগঞ্জ উপজেলায় এক ডাকাতির ঘটনা ঘটে। চুরির মামলায় আমি খালাস পেয়েছি। কিন্তু মুক্তি পাইনি। তারপর আমি জানতে পারি, ওই ডাকাতির মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পর থেকে হাজিরা দিচ্ছি। কিন্তু মামলার সাক্ষ্য শুরু হয়নি। আপনি আমাকে জামিনও দিচ্ছেন না। কী কারণে জামিন দিচ্ছেন না?’ এ সময় বিচারক তাঁর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকেন। একপর্যায়ে আসামি শফিকুল তাঁর জামার ভেতর থেকে জুতা বের করে কাঠগড়া থেকে বিচারককে লক্ষ্য করে ছুড়ে মারেন। মুহূর্তে আদালতে হইচই পড়ে যায়। পুলিশ আসামির দুই হাতে হাতকড়া লাগিয়ে দেয়।আদালত হাজতে জানতে চাইলে শফিকুল দম্ভভরে সাংবাদিকদের জানান, ‘আমিই বিচারককে জুতা ছুড়ে মারিছি’।