বিচারককে হত্যা ও আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি!
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তি দাবি করে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মীর রুহুল আমিনের কাছে উড়ো চিঠি পাঠানো হয়েছে। নইলে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়া এবং এই বিচারককে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় চিঠিটি হাতে পান মুখ্য বিচারিক হাকিম মীর রুহুল আমিন। এরপর বিচারিক হাকিম আদালতের একজন কর্মচারী সন্ধ্যায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে মুখ্য বিচারিক হাকিমের নগরের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘চিঠির ভাষা ও নাম-ঠিকানা দেখে মনে হচ্ছে, ভীতি ছড়ানোর জন্য কেউ এ কাণ্ড ঘটিয়েছে। চিঠিতে সাতজনের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে, যার অস্তিত্ব নেই বলে আমাদের ধারণা। তার পরও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’ টাইপ করা উড়ো চিঠিতে সাতজনের নাম-ঠিকানা উল্লেখ রয়েছে, যাঁদের গ্রামের বাড়ি সাকা চৌধুরীর পৈতৃক নিবাস রাউজান ছাড়াও ফটিকছড়ি ও পটিয়া বলে উল্লেখ রয়েছে। তবে চিঠি পাঠানোর তারিখ উল্লেখ নেই। গত জাতীয় সংসদ নির্বাচনে সাকা চৌধুরী ফটিকছড়ি থেকে সাংসদ নির্বাচিত হন। চিঠির বিয়ষবস্তু: ‘সবিনয় নিবেদন এই যে, সাকা চৌধুরীকে মুক্তি দিতে হবে আগস্ট মাসে। আপনাকে বলি, সাকা চৌধুরী আমাদের মা-বাবা। বিচার হোক বা না হোক সাকা চৌধুরীর মুক্তি চাই।’