বিচারককে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর যুগ্ম জেলা ও দায়রা জজ আবদুর রশীদ মিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। নীলফামারী যুগ্ম জেলা ও দায়রা জজ, স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩-এ ৩১ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আটজন সদস্যের বিরুদ্ধে দুটি মামলার রায় প্রদানের দিন ধার্য রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯ আগস্ট স্বাক্ষরিত নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. আবু হানিফের একটি চিঠি নীলফামারী পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ওই দুটি মামলার আসামিদের পক্ষ থেকে তাঁদের লোকজন বিচারক আবদুর রশীদ মিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের টেলিফোন ও চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে অনুরোধ জানানো হয়। চিঠির অনুলিপি নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। বিচারক আবদুর রশীদ মিয়া বলেন, ‘১ আগস্ট আমাকে প্রথম টেলিফোনে হুমকি দেওয়া হলে, পরদিন আমার নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি।’নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘বিচারককে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানানোর পর থেকে বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।’