১০ ট্রাক অস্ত্র আটক মামলার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হাফিজুর রহমান ওরফে জাহিদ (৩৯), তাঁর স্ত্রী হোসনে আরা (৩৬) ও হাফিজুরের বান্ধবী কানিজ ফাতেমা (২৩)। ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে এই তিনজনকে কয়েক দিন আগেই ডিবি আটক করে বলে জানা গেছে। তবে ডিবির কর্মকর্তারা দাবি করেন, গত বুধবার রাতে এঁদের গ্রেপ্তার করা হয়েছে। এঁরা পূর্বশত্রুতার জের ধরে শহীদুল ইসলাম নামের মিরপুরের এক ব্যবসায়ীকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে এই তিনজনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় ডিবির উপকমিশনার মাহাবুবর রহমান সাংবাদিকদের বলেন, ৩ অক্টোবর ঢাকা থেকে ডাকযোগে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার এস এম মজিবুর রহমানকে হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়। অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়। পরে তাঁদের আটক করা হয়।উপকমিশনার জানান, গ্রেপ্তার হওয়া এই তিনজন মিরপুরের ব্যবসায়ী শহীদুল ইসলামের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মুঠোফোনের একটি সিমকার্ড কেনেন। তাঁরা প্রথমে বিচারক মজিবুর রহমানের কাছে শহীদুলের নাম ব্যবহার করে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠান। এরপর শহীদুলের নামে কেনা ওই ফোন থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠান। একইভাবে তাঁরা মিরপুরের প্রিন্স গ্রুপের পরিচালক কাজী বেলাল হোসেনকেও হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি পাঠান। ব্যবসায়ী শহীদুলের বাড়ি ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এলাকায়। আবার তাঁর সঙ্গে প্রিন্স গ্রুপের পরিচালক বেলালেরও সুসম্পর্ক রয়েছে। বাবরের পক্ষে হুমকিদাতা হিসেবে শহীদুলকে ফাঁসাতে এবং প্রিন্স গ্রুপের মালিকের সঙ্গে তাঁর বিরোধ বাধাতে গ্রেপ্তার হওয়া তিনজন এ কাজ করেছেন বলে তদন্তে নিশ্চিত হয়েছে ডিবি।সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া হোসনে আরা সাংবাদিকদের বলেন, শহীদুল তাঁর সাবেক স্বামী। ঢাকায় একটি ফ্ল্যাট নিয়ে শহীদুলের সঙ্গে তাঁর বিরোধ চলছে। তিনি দাবি করেন, শহীদুলকে ফাঁসাতে তাঁর বর্তমান স্বামী হাফিজুর বান্ধবী কানিজ ফাতেমাকে দিয়ে বিচারকের উদ্দেশে ওই চিঠি লিখিয়েছেন। আর বিচারককে হুমকি দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছেন তাঁর বর্তমান স্বামী হাফিজুর।হাফিজুর সাংবাদিকদের কাছে স্বীকার করেন, স্ত্রীর পক্ষ হয়ে শহীদুলকে ফাঁসাতে তিনি এসব করেছেন।আর কানিজ ফাতেমা জানান, হাফিজুরের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বন্ধুত্ব। বন্ধুর হয়ে তিনি ওই চিঠি লিখে দিয়েছিলেন। তিনি দাবি করেন, শহীদুল যে বিবাহিত, তা তিনি জানতেন না। জানলে ওই চিঠি লিখে দিতে রাজি হতেন না।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানান, মিরপুরের এক বাসিন্দা দুই দিন আগে হাফিজুর ও হোসনে আরার বিরুদ্ধে মিরপুর থানায় চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কানিজ ফাতেমাকে সন্দেহভাজন হিসেবে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় গতকালই তিনজনকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।