বিচারকদের অপসারণ আইন নানা জটিলতায়
সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও প্রমাণে আইন করতে গিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। একদিকে এ বিষয়ে দায়ের করা রিট মামলাটির রায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘোষণা হবে, অন্যদিকে আইনটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাস করতে চায় আইন মন্ত্রণালয়।
এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আইনটির ওপর মত দেননি। অন্যদিকে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের খসড়ার প্রায় সবটাই বাদ দিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আইন কমিশন একটি নতুন খসড়া আইন তৈরি করেছে।
আইন কমিশনের খসড়ায় বিচারিক মানদণ্ড, সম্পদ বিবরণী দেওয়ার বাধ্যবাধকতা এবং আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) বিষয়গুলো ব্যাপক কাটছাঁট করা হয়েছে। আইন মন্ত্রণালয় কমপক্ষে ১৬টি বিচারিক মানদণ্ড নির্ধারণ করেছিল, যেগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করে আইন কমিশন।
এ প্রসঙ্গে আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়ের খসড়ার অনেকগুলো বিষয় কমিশন যথার্থ মনে করেনি। এ জন্য কমিশন নতুন খসড়া তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়, মন্ত্রিসভা, সংসদীয় কমিটি ও সংসদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ ও অসামর্থ্য (তদন্ত ও প্রমাণ) আইন, ২০১৬’ আইনটি পাস করার লক্ষ্যে কাজ চলছে। তার আগে এটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপন করা হবে।
মন্ত্রণালয়ের তৈরি খসড়ায় আইন কমিশনের কাটছাঁট প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আইন কমিশনের খসড়াটি সহজবোধ্য মনে হয়েছে। বিচারকদের অধিকার সুরক্ষায় কমিশন দৃঢ়তা দেখিয়েছে। এ ছাড়া অভিযুক্ত বিচারপতিদের জন্য একদিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, অন্যদিকে কেউ মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হলে আইন অনুযায়ী প্রতিকার পাবেন।
আইনের খসড়ায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্য-সম্পর্কিত কোনো অভিযোগ জাতীয় সংসদের স্পিকারের কাছে দাখিল করতে হবে। ১০ জন সাংসদকে নিয়ে স্পিকার একটি কমিটি গঠনের মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপণ করবেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে স্পিকার বিষয়টি তিন সদস্যের তদন্ত কমিটির কাছে পাঠাবেন।
কমিটির নেতৃত্বে থাকবেন সাবেক একজন প্রধান বিচারপতি বা আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি। এ ছাড়া ওই কমিটিতে সাবেক একজন অ্যাটর্নি জেনারেল এবং একজন সম্ভ্রান্ত নাগরিককে রাখার কথা বলা হয়েছে।
তদন্ত প্রক্রিয়ায় প্রাপ্ত ফলাফল জাতীয় সংসদে উপস্থাপন করতে হবে। এরপর সংবিধানের ৯৬(২) অনুচ্ছেদ অনুযায়ী বিচারককে অপসারণ-সংক্রান্ত প্রস্তাব জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় গ্রহণ করতে হবে। এরপর রাষ্ট্রপতি ওই বিচারককে অপসারণ করবেন।
এর আগে আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে জাতীয় জুডিশিয়াল পর্যবেক্ষণ কমিটি, যাচাই-বাছাই প্যানেল ও তদন্ত কমিটি করার কথা বলা হয়েছিল এবং এই প্রক্রিয়া শেষে জাতীয় সংসদ হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে শেষ হওয়ার কথা বলা হয়েছিল।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়ের প্রথম খসড়াটি তিনি দেখেছিলেন, এটা আন্তর্জাতিক মানসম্মত ও গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। কিন্তু আইন কমিশন সেটির কতটা রেখেছে বা বাদ দিয়েছে এবং কমনওয়েলথসহ বিভিন্ন দেশের এ-সংক্রান্ত আইন বা বিধিবিধান কতটা পর্যালোচনা করেছে, তা তিনি জানেন না। তাই এ বিষয়ে তিনি মন্তব্যও করতে চান না।
আত্মপক্ষ সমর্থন, হয়রানি করলে শাস্তি: প্রস্তাবিত আইনে বিচারকদের সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। ওই আইনের ১৩ ধারা অনুযায়ী কোনো বিচারকের বিরুদ্ধে ভিত্তিহীন, অসত্য ও হয়রানিমূলক অভিযোগ আনা হলে অভিযোগকারীকে শাস্তির মুখোমুখি হতে হবে।
এ ছাড়া অভিযুক্ত বিচারকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সংসদ বিবেচনায় নেওয়ার আগে অভিযুক্ত বিচারক লিখিত বা মৌখিকভাবে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে পারবেন।
মত দেননি প্রধান বিচারপতি: আইন মন্ত্রণালয় চাইলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা খসড়া এই আইনটির ওপর মত দেননি। অনুরোধের জবাবে প্রধান বিচারপতি বলেছেন, আগামী ৫ মে সংবিধানের ৯৬(৩) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিটের রায় হওয়ার কথা রয়েছে।
মামলা নিয়ে অস্বস্তিতে সরকার: সংবিধানের ষোড়শ সংশোধন আইন, ২০১৪ প্রবর্তিত হওয়ায় বাহাত্তরের মূল সংবিধান ফিরে আসে। কিন্তু ষোড়শ সংশোধনীর পরপরই ২০১৪ সালের নভেম্বরে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার বিধান-সংক্রান্ত সংবিধানের ৯৬(৩) ধারার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। এই মামলাটি নিয়ে সরকারে অস্বস্তি রয়েছে। জানতে চাইলে সংবিধানের ষোড়শ সংশোধনীবিষয়ক সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ৯৬ অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে সংযুক্ত করতে পারলে ভালো হতো। যেকোনোভাবে বাদ পড়ায় দেশের স্বার্থে এটা ষোড়শ সংশোধনীতে আনা হয়েছে, এটাই স্বাভাবিক।
জানতে চাইলে আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে যেহেতু মামলা হয়েছে, সেহেতু দেখা যাক রায় কী আসে।