বিচারকদের অপসারণের কর্তৃত্ব সংসদকে ফিরিয়ে দেওয়ার পক্ষে বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকদের দায়িত্ব থেকে অপসারণের কর্তৃত্ব জাতীয় সংসদকে ফিরিয়ে দেওয়ার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সংসদের কাছে দায়বদ্ধ করার ব্যাপারে কমিটির সদস্যরা একমত। কমিটি এ-সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদকে ১৯৭২-এর আদলে ফিরিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছে। এ রকম হলে বিচারকদের অপসারণে বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে বিধান রয়েছে, তা আর থাকবে না। কমিটি মনে করে, এ ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত থাকাই বাঞ্ছনীয়।প্রসঙ্গত, সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী শারীরিক ও মানসিক কারণে বিচারকদের তাঁদের পদ থেকে অপসারণ করা যাবে, তবে এ জন্য প্রধান বিচারপতি ও অন্য বিচারকদের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অভিযুক্ত বিচারপতিকে অপসারণ করা যাবে। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান করা হয়। এ-সংক্রান্ত ’৭২-এর বিধানে ছিল, অভিযোগ প্রমাণিত হলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বিচারপতিকে অপসারণ করা যাবে।ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত আরও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। সাংসদদের ভোটাধিকার-সংক্রান্ত এই অনুচ্ছেদ ’৭২-এ অনেক শিথিল ছিল। এতে বলা আছে, যে দল থেকে সাংসদ নির্বাচিত হবেন, সে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না। মূলত হর্সট্রেডিং বন্ধ করতে এবং সরকারকে স্থিতিশীল রাখতে এ বিধান করা হয়েছিল। এ নিয়ে সদস্যদের নানা মত আছে। আলোচনা চলছে। তিনি বলেন, ‘নারী আসন বাড়ানোর বিষয়টি এখনো আলোচনার প্রাথমিক স্তরে রয়েছে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আমরা ২০০৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছিলাম।’কমিটির কো-চেয়ারম্যান জানান, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতাসংক্রান্ত ৯৩ অনুচ্ছেদেও সংশোধনী আনা হবে। নির্বাচিত সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পার্থক্য আছে। ইয়াজউদ্দিন আহম্মেদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক অধ্যাদেশ জারি করে জটিলতা তৈরি করেছেন, যে কারণে এটিকে কীভাবে যথাযথ করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, কমিটির বৈঠকে নির্বাচন কমিশনারদের নিয়োগসংক্রান্ত বিধান (১১৮ অনুচ্ছেদ) নিয়েও আলোচনা হয়েছে। চারদলীয় জোট সরকারের সময়ে সাত-আটজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যে কারণে কমিশনারদের বসার জায়গাও ছিল না। কমিটি কমিশনারদের সংখ্যা নির্দিষ্ট করে দিতে চায়। জরুরি অবস্থা সর্বোচ্চ কত দিন রাখা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল ইসলাম মাহমুদ, হাসানুল হক ইনু, শিরিন শারমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।