বিচারকদের আরও পরিশ্রমী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের ‘মানসিকতা পরিবর্তন’ করার এবং তাঁদের আরও পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতের আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এই আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘মানুষ আদালতের দ্বারপ্রান্তে বাধ্য হয়ে আসে। বিচারকস্বল্পতা আছে। তবে বিচারকদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। সীমিত সম্পদের মধ্যেই আমাদের কাজ করতে হবে।’ মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বার ও বেঞ্চের মধ্যকার সম্পর্কের উন্নয়ন, আদালতের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার, দেওয়ানি মামলায় বিকল্প বিরোধনিষ্পত্তিকে উৎসাহিত করা এবং নবীন আইনজীবীদের আরও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সদস্য এম আনোয়ারুল কবির এবং মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান। মতবিনিময় সভায় চট্টগ্রামের আইনজীবীদের পক্ষ থেকে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন এবং বিচারকসংকট নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করা হয়।